শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

জুলাই শহীদ পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করলেন জামায়াত নেতারা

প্রথম সমাচার ডেস্ক ২৮ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাসরত শহীদ পরিবারের বাসায় বাসায় যান দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। এ সময় শহীদ পরিবারের খোঁজখবর নেওয়া ছাড়াও তাদের হাতে আর্থিক সহায়তা ও ঈদ উপহার তুলে দেওয়া হয়।

সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির শিক্ষাবিদ আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, ড. আব্দুল মান্নান, সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, ডাকসু ভিপি আবু সাদিক কায়েম এবং সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।

জামায়াত নেতারা সকালে পল্টন এলাকায় শহীদ কামাল মিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে যাত্রাবাড়ী এলাকায় গিয়ে শহীদ আসলাম, শহীদ আরিফ, শহীদ শাহাদাত হোসেন শাওন, শহীদ জিহাদ ও শহীদ জাহাঙ্গীর আলমের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া কুতুবখালী এলাকায় শহীদ নাঈম হাওলাদার, শহীদ শাকিল ও শহীদ নাছির উদ্দিনের পরিবার এবং শেখদী মোকাররম মসজিদ এলাকায় শহীদ নুর হোসেন, শহীদ জিহাদ হোসেন, শহীদ আহমদ আবদুল্লাহ, শহীদ জাহাঙ্গীর খাঁ, শহীদ রবিন মিয়া ও শহীদ আব্দুল হান্নানের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।

এ সময় নেতারা বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। শহীদ পরিবারের পাশে থাকা এবং তাদের খোঁজখবর নেওয়াকে নৈতিক দায়িত্ব হিসেবে দেখছে জামায়াতে ইসলামী।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...