এ বছর ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে ৬৪টি জেলায় মোট ১,৬৬৫টি পশু কোরবানি করে অভাবী ও দুস্থ মানুষের মাঝে গোশত বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, কোরবানিকৃত পশুর মধ্যে ৩৫৮টি গরু এবং ১,৩০৭টি ছাগল রয়েছে। এসব কোরবানির মাধ্যমে প্রায় ৫৩ হাজার অভাবী ও পুষ্টিহীন মানুষের ঘরে গোশত পৌঁছে দেওয়া হয়েছে।
ফাউন্ডেশন জানায়, এবারের কোরবানির কার্যক্রমে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ভৌগলিকভাবে পিছিয়ে পড়া এবং দুর্যোগপ্রবণ অঞ্চলগুলোকে। এসব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা পৌঁছে দেওয়া হয়।
সংস্থাটি আরও জানায়, কোরবানির আগেই দাতাদের পশুর নম্বর ও কোরবানি সম্পন্ন হওয়ার স্থান ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। পরবর্তীতে কোরবানির কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে জীবিত পশুর ছবি, কোরবানির পর গোশতের ছবি এবং বিতরণ কার্যক্রমের ছবিও দাতাদের কাছে পাঠানো হচ্ছে।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, যারা আস্থা ও বিশ্বাস রেখে কোরবানির আমানত প্রদান করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে কোরবানির কার্যক্রমে অংশ নেওয়া হাজারো স্বেচ্ছাসেবকের প্রতিও ধন্যবাদ জানানো হয়েছে।
সংস্থাটি দোয়া করেছে, মহান আল্লাহ যেন সকল দাতার কোরবানি কবুল করেন এবং স্বেচ্ছাসেবকদের ত্যাগ ও শ্রমকে উত্তম প্রতিদান দান করেন।
