ঢাকা প্রিমিয়ার লীগের ৪৪তম ম্যাচে লিজেন্ড অব রূপগঞ্জকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডান। ১০১ রানের ইনিংস খেলে তাওহীদ হৃদয় ম্যাচসেরা হলেও এই ম্যাচে মাত্র ১৫ বলে রেকর্ড ফিফটি করে সব আলো কেড়ে নিয়েছেন হাবিবুর রহমান সোহান।
প্রথমে ব্যাট করতে নামা মোহামেডান এনামুল বিজয়ের ৭১, তাওহীদ হৃদয়ের ১০১ ও আফিফের ৭০ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ৩৩৯ রানের বড় সংগ্রহ গড়ে। জবাবে সোহানের ব্যাটিং তান্ডব থামিয়ে রূপগঞ্জকে ২৩২ রানে অলআউট করে ১০৭ রানের জয় তোলে নেয় মোহামেডান।
রূপগঞ্জের ওপেনার হাবিবুর রহমান সোহান নাহিদ রানার ব্যক্তিগত প্রথম ওভারেই ৩ ছয় ও ২ চারে ২৬ রান সংগ্রহ করা সহ মাত্র ১৫ বলে রেকর্ড ফিফটি করেন। বাংলাদেশী ব্যাটারদের মধ্যে এটি যৌথভাবে দ্রুততম ফিফটির রেকর্ড। এর আগে পারভেজ হোসেন ইমন ১৫ বলে ফিফটি করেছিলেন।
সোহান ২৭ বলে ৫৯ রান করে আউটের পর ব্যাটিং বিপর্যয়ে পরা রূপগঞ্জের হয়ে অধিনায়ক শেখ মেহেদী ৩৭ ও নাসুম আহমেদ ৪০ বলে ৪৫ রান করলেও শেষ রক্ষা হয়নি মোহামেডানের। নাহিদ রানা সোহানের কাছ থেকে ২৬ রান হজম করলেও ৭ ওভারে ৭১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন। তাইজুর রহমান ৩ উইকেট শিকার করেছেন।
১০১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তাওহীদ হৃদয়। এটি মোহামেডানের ৮ম ম্যাচে ৭ম জয় এবং শীর্ষে অবস্থান করছে মোহামেডান। ৮ ম্যাচে ৬ জয়ে ২য় স্থানে আবাহনী। ৮ ম্যাচে মাত্র ১ জয়ে তলানীতে অবস্থান করছে গুলশান ক্রিকেট ক্লাব।
