আগামী ১৪ জুন কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।
মন্ত্রী জানান, কক্সবাজার সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। খাল খননের পাশাপাশি বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও সরাসরি সিটি করপোরেশনের তদারকিতে থাকবে বলে তিনি উল্লেখ করেন।
দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু করে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা থেকে এলাকাবাসীকে মুক্তি দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রসঙ্গত, চলতি বছরের ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর থেকে সারাদেশে ‘খাল খনন কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেদিন তিনি নিজে কোদাল হাতে মাটি কেটে কর্মসূচির উদ্বোধন করেন এবং একটি বৃক্ষরোপণও করেন। একই সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে দেশের ৫৪টি জেলায় একযোগে খাল খনন কার্যক্রমের সূচনা হয়।
সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় বিশ হাজার কিলোমিটার খাল পুনরুদ্ধার ও পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জলাবদ্ধতা নিরসন ও শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানির সংস্থান নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
শ্রমিকদের মাধ্যমে খাল খনন করা হবে বলে জানিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়, যার ফলে গ্রামীণ পর্যায়ে ব্যাপক কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন।
সূত্র: পানিসম্পদ মন্ত্রণালয়
