শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×

প্রেমের সম্পর্কের প্রমাণ মিলতেই বহিষ্কার, জিসান ইস্যুতে মুখ খুললেন এস এম ফরহাদ

প্রথম সমাচার ডেস্ক ১৩ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

জিসান আহমদকে ঘিরে আলোচিত ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন ডাকসুর  জিএস ও ছাত্রশিবির প্যানেল থেকে নির্বাচিত নেতা এস এম ফরহাদ। তিনি বলেছেন, জিসানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ না পাওয়ায় নিখোঁজ বা অপহরণের অভিযোগের প্রকৃত সত্যতা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে প্রেমের সম্পর্কের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় সাংগঠনিক বিধি অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

এস এম ফরহাদের দেওয়া বক্তব্যে বলা হয়, গত রাতে পুলিশ জিসানকে উদ্ধারের পর থেকে বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ছাত্রশিবিরের কোনো প্রতিনিধি দল কিংবা তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা বা কথা বলার সুযোগ দেওয়া হয়নি। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে থাকায় তার নিজস্ব বক্তব্য জানা সম্ভব হয়নি। ফলে নিখোঁজ বা অপহরণের ঘটনায় পুলিশের বক্তব্য ছাড়া অন্য কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র তাদের কাছে নেই।

এদিকে জিসানের বিরুদ্ধে মামলা করা লিজা আক্তারের পরিবারের পক্ষ থেকেও কিছু অভিযোগ উঠে এসেছে। লিজার বড় বোন সাবিকুন্নাহার দাবি করেন, গতকাল বিকেলে ১৫ থেকে ২০ জন পুলিশ বা প্রশাসনের সদস্য তাদের বাড়ি থেকে লিজাকে নিয়ে যান। এ সময় পরিবারের কাউকে তার সঙ্গে যেতে দেওয়া হয়নি।

পরিবারের দাবি অনুযায়ী, লিজা ও তার বাবাকে এখনো পুলিশের তত্ত্বাবধানে পৃথক অবস্থায় রাখা হয়েছে এবং তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ সম্ভব হচ্ছে না। সাবিকুন্নাহার জানান, থানায় নেওয়া, মামলা দায়ের কিংবা বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানেন না। তবে তিনি জিসান ও লিজার মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল বলে অবগত ছিলেন।

এস এম ফরহাদ বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় ঘটনাটির প্রকৃত রহস্য এখনো উদ্ঘাটন করা যায়নি। তবে প্রেমের সম্পর্কের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় সাংগঠনিক নিয়ম অনুযায়ী জিসানকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তদন্তে কোনো ধরনের অপরাধের প্রমাণ পাওয়া গেলে ভুক্তভোগীকে সর্বাত্মক আইনি সহায়তা দেওয়া হবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...