ফেনীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা ২৩।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে পৌনে ৬টার মধ্যে ফেনী মডেল থানার কালিদহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালিপাল এলাকার দশমীঘাটসংলগ্ন ফেনী-লালপোল সড়কে বিক্ষোভ মিছিল করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে বিভিন্ন ছবি সংবলিত ব্যানার ছিল। মিছিলের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সচল রাখার চেষ্টা এবং রাষ্ট্রদ্রোহিতামূলক স্লোগান দেয়ার অভিযোগে ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের পৃষ্ঠপোষকতা, অর্থায়ন ও নির্দেশনায় পলাতক আসামি বেলাল হোসেন, হাসান ইশান, কাজী রশিদ আহম্মেদ রাব্বি ও জহিরুল ইসলাম রিফাতের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।
গ্রেপ্তার ১৩ জনের মধ্যে সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকার হেলাল তুহিন, এনায়েত হোসেন শাহারিয়ার, মো. হাসান, শাহাদাত হোসেন, ইমাম হোসেন, মো. ইমাম হোসেন, এমরান হোসেন, রাকিবুল ইসলাম, আশরাফুল ইসলাম, মো. জিহাদ ও তারিক হোসেন রয়েছেন। এ ছাড়া দাগনভূঞা উপজেলার মো. ইব্রাহীম ও সোনাগাজীর শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বয়স ১৮ বছরের কম বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় ফেনী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯ ও ১১ ধারায় মামলা করা হয়েছে।
অন্যদিকে, পুলিশের পৃথক অভিযানে ৩০টি ইয়াবা ট্যাবলেটসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তিনজন পরোয়ানাভুক্ত আসামি ও মাদকসেবীসহ বিভিন্ন অভিযোগে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ফেনীর পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নির্মূলে সদর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বিঘ্নিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত থাকবে।

অপ্রতিম হত্যার চার্জশিট দাখিল : দ্রুত বিচার কার্যকরের দাবি পরিবারের
মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে নিজেই খুন
৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার