সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছেছে।
একই সঙ্গে প্রাথমিক আইনি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বেনজীর আহমেদকে দুবাইয়ের আল আওয়ার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
দুবাই ও ঢাকার একাধিক সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার (১৬ জুন) দুবাই কোর্ট অব আপিলে দুটি পৃথক আবেদন দাখিল করা হয়। বেনজীর আহমেদের আইনজীবী তাঁর মক্কেলের জামিনের জন্য আদালতে আবেদন করেন।
অন্যদিকে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিনিধি দল একই আদালতে তাঁকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য আলাদা একটি আবেদন দাখিল করে।
উল্লেখ্য, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারসহ একাধিক গুরুতর অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে বাংলাদেশে মামলা চলমান রয়েছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তাঁকে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক ও আইনি উভয় পথেই তৎপরতা চালিয়ে আসছে।
এবার দুবাইয়ে তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর সরাসরি আদালতে প্রত্যর্পণের আবেদন দাখিল করা বাংলাদেশের এই প্রচেষ্টায় নতুন মাত্রা যোগ করেছে।
আদালত জামিন আবেদন ও প্রত্যর্পণ আবেদন উভয়ের বিষয়ে কী সিদ্ধান্ত নেন, তার দিকে এখন সবার দৃষ্টি নিবদ্ধ রয়েছে।
