যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য ও প্রযুক্তিগত বিরোধের প্রেক্ষাপটে বিরল খনিজ ও সংশ্লিষ্ট উপকরণ রপ্তানির ওপর নতুন করে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। একই সঙ্গে কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানকে বিশেষ রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
চীনা কর্তৃপক্ষের ঘোষণায় যেসব প্রতিষ্ঠানের নাম এসেছে, তাদের মধ্যে রয়েছে MP Materials, USA Rare Earth এবং Aveox। এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক ও প্রতিরক্ষা খাতের সঙ্গে সম্পৃক্ত আরও কয়েকটি প্রতিষ্ঠানও এ তালিকায় স্থান পেয়েছে।
বেইজিংয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর কাছে সামরিক ও বেসামরিক উভয় ধরনের প্রযুক্তি, উপকরণ ও পণ্য সরবরাহের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ কার্যকর হবে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের ফলে চুম্বক, উন্নত ইলেকট্রনিক যন্ত্রাংশ, প্রতিরক্ষা সরঞ্জাম এবং উচ্চপ্রযুক্তি শিল্পে ব্যবহৃত বিরল খনিজের সরবরাহ আরও সীমিত হতে পারে। ফলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও প্রযুক্তি খাতেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
চীন বিশ্বের অন্যতম বৃহৎ বিরল খনিজ উৎপাদক ও প্রক্রিয়াজাতকারী দেশ। ফলে এ খাতে দেশটির যেকোনো নীতিগত পরিবর্তন আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সূত্র: স্পুতনিক ইন্টারন্যাশনাল
