প্রথম সমাচার ডেস্ক:
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন একজন আইনজীবী। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৯ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেন। তবে এখনও তার নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা ঘটনাস্থলে বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদেরকে প্রতিহত করতে সদা প্রস্তুত।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, বেলা ১১টা ১৯ মিনিটের দিকে সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে গত ৯ নভেম্বর সন্ধ্যায় আদালতের প্রধান ফটকের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন

নিষিদ্ধ আ.লীগ নেতা তোফায়েল আহম্মেদ গ্রেপ্তার