প্রথম সমাচার ডেস্ক:
২০০৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় তাজমহল দেখতে ভারতে গিয়েছিলেন বাদল ফরাজী। কিন্তু সেই ভ্রমণই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। নামের মিলের কারণে জড়িয়ে পড়েন এক হত্যা মামলায়। এরপর ভারতের তিহার কারাগারে প্রায় ১০ বছর, দেশে ফেরার পর আরও আট বছর—এভাবেই কেটে যায় জীবনের ১৮টি বছর।
এই দীর্ঘ সময়ে মারা গেছেন তাঁর বাবা। অন্যদিকে ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা মা শিফালী বেগম এখন অসুস্থ, চলাফেরাও করতে পারেন না। অবশেষে মায়ের অসুস্থতার কারণে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন মোংলা পৌরসভার কুমারখালী এলাকার বাসিন্দা বাদল।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে তাঁকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়। সন্ধ্যা ৬টা ২১ মিনিটে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পুলিশি নিরাপত্তায় নিজ বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। তবে ১৮ বছরের অপেক্ষার পর পাওয়া এই সাময়িক মুক্তিতেও স্বস্তি নেই পরিবারের। তাঁদের দাবি, চার সপ্তাহ নয়, বাদলের স্থায়ী মুক্তি নিশ্চিত করা হোক।
২০০৮ সালের ৬ মে ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে নিজ বাসায় খুন হন ৭১ বছর বয়সী নির্মলা মাদান। ওই ঘটনায় ভারতীয় পুলিশ তাঁর গৃহকর্মী বাদল সিং নামের এক ব্যক্তিকে খুঁজছিল।
এর দুই মাস সাত দিন পর, ২০০৮ সালের ১৩ জুলাই পর্যটক ভিসায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশের বাগেরহাটের মোংলার তরুণ বাদল ফরাজী। তাঁর উদ্দেশ্য ছিল আগ্রার তাজমহল দেখা। পরিবারের ভাষ্য অনুযায়ী, তখন তিনি অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ভারতের হরিদাসপুর সীমান্তে প্রবেশের পরপরই তাঁকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে ২১ জুলাই তাঁকে হত্যা মামলার আসামি বাদল সিং হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।
পরিবার ও মানবাধিকারকর্মীদের দাবি, বাদল ফরাজী ও মামলার আসামি বাদল সিং এক ব্যক্তি নন। শুধু নামের মিলের কারণেই তাঁকে ভুলভাবে শনাক্ত করা হয়েছিল। তখন বাদলের বয়স ছিল ১৮ বছর। পরিবার ও মানবাধিকারকর্মীদের ভাষ্য, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা না থাকায় তিনি নিজের পরিচয় যথাযথভাবে বোঝাতে পারেননি।
বাদলের পরিচয় প্রমাণে পরবর্তী সময়ে তাঁর পাসপোর্ট, ভিসা, ভারতে প্রবেশের তথ্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রসহ বিভিন্ন নথি উপস্থাপন করা হয়। ২০১২ সালের ১৭ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে তাঁর পাসপোর্ট, ভিসা ও ভারতে প্রবেশের তথ্য তুলে ধরে। কিন্তু এসব নথি উপস্থাপনের পরও মুক্তি মেলেনি তাঁর।
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত বাদল ফরাজীকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করেন। একই বছরের ২২ আগস্ট তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।
এরপর ভারতের তিহার কারাগারে বন্দিজীবন শুরু হয় তাঁর। সেখানে থেকেও থেমে থাকেনি তাঁর পড়াশোনা। কারাগারে থাকা অবস্থায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন বাদল। কিন্তু শিক্ষাজীবনের অগ্রগতি হলেও মুক্তির পথ সহজ হয়নি।
বাদলের বন্দিজীবনের খবর ছড়িয়ে পড়লে ভারতের মানবাধিকারকর্মী রাহুল কাপুরসহ অনেকে তাঁর মুক্তির দাবিতে কাজ শুরু করেন। দিল্লিতে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি ও প্রচারণা চালানো হয়। বাংলাদেশেও তাঁর মুক্তির দাবিতে কাজ করেন স্বজন, সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকারকর্মীরা।
সূত্র: মূল প্রতিবেদন

ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক কর্মশালা