বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

মশার মাধ্যমেই ডেঙ্গু নিয়ন্ত্রণ, ব্রাজিলে গবেষণায় মিলল বড় সাফল্য

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ডেঙ্গু মোকাবিলায় বড় ধরনের সাফল্যের দাবি করেছেন ব্রাজিলের বিজ্ঞানীরা। মশা নিধন না করে বরং মশার শরীরে ক্ষতিকর নয় এমন এক ধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়েছে। ব্রাজিলের হাজার হাজার শিশুর ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, এই পদ্ধতিতে ডেঙ্গু সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ কমেছে। একই সঙ্গে চিকুনগুনিয়ার সংক্রমণও কমেছে ৭৩ দশমিক ৩ শতাংশ।

শনিবার (২২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে গবেষণার এই ফলাফল তুলে ধরেন বিজ্ঞানীরা। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।

যেভাবে কাজ করে ব্যাকটেরিয়াযুক্ত মশা

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের এমোরি ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশটির বেলো হরিজন্তে শহরে এই গবেষণা পরিচালনা করেন।

গবেষণায় এডিস ইজিপ্টি প্রজাতির মশার শরীরে প্রাকৃতিকভাবে পাওয়া ‘ওলবাকিয়া’ নামের একটি ব্যাকটেরিয়া প্রবেশ করানো হয়। পরে এসব মশার লাখ লাখ সদস্য বিভিন্ন এলাকায় ছেড়ে দেওয়া হয়।

ওলবাকিয়া মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে মশার শরীরে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার মতো ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। ফলে ব্যাকটেরিয়াযুক্ত মশা মানুষকে কামড়ালেও ভাইরাস সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে কমে যায়।

গবেষণার অংশ হিসেবে প্রায় ৫ হাজার ৭০০ শিশুর রক্ত পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ওলবাকিয়াযুক্ত মশা ছাড়া এলাকায় মাত্র ৪ শতাংশ শিশুর শরীরে ডেঙ্গু সংক্রমণ শনাক্ত হয়েছে। অন্যদিকে কীটনাশক ব্যবহার করা এলাকায় এই হার ছিল ১৪ শতাংশ।

গবেষকদের হিসাবে, প্রচলিত পদ্ধতির তুলনায় এই কৌশলে ডেঙ্গু সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ কমানো সম্ভব হয়েছে। পাশাপাশি চিকুনগুনিয়ার সংক্রমণও ৭৩ দশমিক ৩ শতাংশ কমেছে।

বোস্টন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডেভিড হ্যামার বার্তা সংস্থা এপিকে বলেন, গবেষণার ফলাফল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তার মতে, ওলবাকিয়াযুক্ত মশা ব্যবহারের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন সম্ভব।

বিশ্বে মোট ডেঙ্গু আক্রান্তের প্রায় এক-দশমাংশই ব্রাজিলে শনাক্ত হয়। গবেষণার সময় বেলো হরিজন্তে শহরেও ডেঙ্গুর বড় ধরনের প্রাদুর্ভাব চলছিল। এমন পরিস্থিতিতেও এই পদ্ধতির কার্যকারিতা গবেষকদের আশাবাদী করেছে।

ওলবাকিয়া পদ্ধতি নিয়ে এর আগেও বিভিন্ন দেশে গবেষণা হয়েছে। ওয়ার্ল্ড মসকিউটো প্রোগ্রামের (ডব্লিউএমপি) আওতায় কলম্বিয়া ও ব্রাজিলের নিতেরোই শহরে এই প্রযুক্তি প্রয়োগ করে ডেঙ্গু সংক্রমণ ৯২ শতাংশ পর্যন্ত কমানোর সাফল্য পাওয়া গেছে।

গবেষকদের মতে, প্রচলিত কীটনাশক ছিটানোর তুলনায় ওলবাকিয়া পদ্ধতি পরিবেশের জন্য বেশি নিরাপদ এবং দীর্ঘমেয়াদে কার্যকর হতে পারে। কারণ, এতে মশা মেরে ফেলার পরিবর্তে মশার মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ার সক্ষমতা কমিয়ে দেওয়া হয়।

সিঙ্গাপুরেও ২০১৬ সাল থেকে ওলবাকিয়াযুক্ত পুরুষ মশা অবমুক্ত করে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এ পদ্ধতিতে ওলবাকিয়াযুক্ত পুরুষ মশার সঙ্গে স্ত্রী মশার প্রজননের ফলে উৎপন্ন ডিম থেকে সাধারণত বংশবিস্তার সম্ভব হয় না।

ডেঙ্গু ছাড়াও মশাকে ব্যবহার করে অন্যান্য সংক্রামক রোগ প্রতিরোধের নতুন কৌশল উদ্ভাবনে কাজ করছেন বিজ্ঞানীরা।

২০২৪ সালে নেদারল্যান্ডসের গবেষকেরা ম্যালেরিয়ার টিকা সরবরাহের সম্ভাব্য মাধ্যম হিসেবে মশাকে ব্যবহার করে প্রাথমিক পরীক্ষায় সাফল্য পান। এ ছাড়া ২০১০ সালে জাপানের বিজ্ঞানীরা কালাজ্বর বা লিশম্যানিয়াসিসের টিকা বহনের জন্য মশার শরীরে পরিবর্তন এনে ইঁদুরের ওপর সফল পরীক্ষা চালান।

বিশেষজ্ঞদের মতে, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে শুধু মশা নিধনের ওপর নির্ভর না করে জীববৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে বিভিন্ন পরিবেশে এই প্রযুক্তির দীর্ঘমেয়াদি কার্যকারিতা, নিরাপত্তা ও প্রয়োগের উপযোগিতা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com