বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

মিস ইউনিভার্স থেকে বাদ পরে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ মাহির

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে মিস ইউনিভার্সের ৭৫তম আসরে অংশ নিয়েছিলেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার শুরু থেকেই তাকে ঘিরে ছিল দেশের মানুষের আগ্রহ ও প্রত্যাশা। প্রস্তুতি প্রচারণা আর দর্শকদের ভোটে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেরা ৩০ সেমিফাইনালিস্টের তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের এই প্রতিনিধির। প্রত্যাশিত ফল না পাওয়ার পর এবার দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন মাহি।

বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতির কথা জানান তিনি। একই সঙ্গে প্রতিযোগিতায় তাকে সমর্থন ও উৎসাহ দেওয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টে মাহি লেখেন, তাকে ঘিরে দেশের মানুষের অনেক স্বপ্ন ও প্রত্যাশা ছিল। বাংলাদেশের নাম বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল করার ইচ্ছা তার নিজেরও ছিল। সে লক্ষ্যেই সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানান তিনি। প্রতিযোগিতার পুরো সময়জুড়ে যারা তার পাশে ছিলেন, ভোট দিয়েছেন এবং দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান এই সুন্দরী।

তবে প্রত্যাশা পূরণ করতে না পারার বিষয়টি তাকে ব্যথিত করেছে। এ প্রসঙ্গে মাহি লেখেন, ‘আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত সাফল্য না এলেও পুরো অভিজ্ঞতাকে ব্যর্থতা হিসেবে দেখছেন না মাহি। তার ভাষায়, জীবনের সব চেষ্টা প্রত্যাশিত ফল নিয়ে আসে না। তবে সেই চেষ্টার মূল্যও কমে যায় না। মিস ইউনিভার্সের এই যাত্রায় পাওয়া অভিজ্ঞতা, মুহূর্ত ও মানুষের ভালোবাসা সারাজীবন মনে রাখবেন তিনি।

দেশের মানুষের ভালোবাসাকে যে কোনো অর্জনের চেয়ে বড় করে দেখছেন এই প্রতিযোগী। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।’

২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে দেন। তার সেই অর্জনের পর এবারও একই পর্যায়ে পৌঁছানোর প্রত্যাশা তৈরি হয়েছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে এবার প্রাথমিক বাছাই পেরিয়ে সেমিফাইনালের সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি তিনি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com