বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

যুক্তরাষ্ট্রে সাগরে উড়োজাহাজ বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬ আরোহী

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে মেক্সিকো উপসাগরে ছয়জন আরোহী নিয়ে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। নিখোঁজদের মধ্যে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সি দুই শিশু রয়েছে। দুর্ঘটনার পরপরই নিখোঁজদের উদ্ধারে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে মার্কিন কোস্ট গার্ডসহ একাধিক সংস্থা। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে মিসিসিপির হর্ন আইল্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল একক ইঞ্জিনবিশিষ্ট ‘সেসনা ২১০’ মডেলের। এতে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সি দুই ছেলে শিশু ছিল।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে মিসিসিপির পাসকাগৌলার দক্ষিণ-পশ্চিমে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। কোস্ট গার্ডের মুখপাত্র হুয়ান রোস জানান, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এফএএ টাওয়ার থেকে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর জানানো হয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি প্রতি মিনিটে প্রায় ১০ হাজার ফুট গতিতে নিচের দিকে নামছিল। একপর্যায়ে হর্ন আইল্যান্ডের প্রায় দুই মাইল উত্তর-পূর্বে সাগরে আছড়ে পড়ে এটি।

দুর্ঘটনার পরপরই কোস্ট গার্ডের পাশাপাশি মিসিসিপি ডিপার্টমেন্ট অব মেরিন রিসোর্সেস এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার অভিযানে যোগ দেয়। কোস্ট গার্ডের প্যাসকাগৌলা স্টেশন থেকে দুটি ছোট উদ্ধারকারী নৌযান পাঠানো হয়। পাশাপাশি কোস্ট গার্ডের একটি জাহাজ ও উড়োজাহাজও অভিযানে অংশ নেয়। স্থানীয় পুলিশও উদ্ধারকাজে নৌযান পাঠায়।

তল্লাশির সময় উদ্ধারকারীরা বিধ্বস্ত উড়োজাহাজটির কেবিনের অংশ, তিনটি লাইফ জ্যাকেট এবং একটি লাইফ র‍্যাফট পানিতে ভাসমান অবস্থায় খুঁজে পান। তবে এসব ধ্বংসাবশেষ পাওয়া গেলেও উড়োজাহাজের ছয় আরোহীর কারও সন্ধান পাওয়া যায়নি। কোস্ট গার্ড জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার ও ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি নিউ অরলিন্সের লেকফ্রন্ট বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের পেজ ফিল্ড বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল।

এদিকে দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। উড়োজাহাজটির আকস্মিকভাবে উচ্চগতিতে নিচে নেমে আসার কারণ অনুসন্ধান করা হবে। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনাটি তদন্ত করবে। তদন্তে উড়োজাহাজটির কারিগরি অবস্থা, উড্ডয়নসংক্রান্ত তথ্য এবং দুর্ঘটনার আগের পরিস্থিতি খতিয়ে দেখা হবে।

হর্ন আইল্যান্ড মিসিসিপি উপকূলের একটি বিচ্ছিন্ন দ্বীপ, যা গালফ আইল্যান্ডস ন্যাশনাল সিশোরের অংশ। দুর্ঘটনাস্থলটি পাসকাগৌলা উপকূলের কাছাকাছি মেক্সিকো উপসাগরে অবস্থিত।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com