প্রথম সমাচার ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশের খবর নিয়ে দেশীয় কয়েকটি গণমাধ্যমের শিরোনামকে ‘বিভ্রান্তিকর ও মূল সূত্রের সঙ্গে সাংঘর্ষিক’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বলেন, শেখ হাসিনা ও তার দলের পক্ষ থেকে ভারত থেকে আসা কোনো সংবাদ পেলেই কিছু কিছু গণমাধ্যমের হুঁশ থাকে না। হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা নিয়ে রয়টার্সের বরাত দিয়ে দেশীয় বিভিন্ন গণমাধ্যম যে শিরোনাম করেছে, সেগুলো বিভ্রান্তিকর এবং মূল সূত্রের সঙ্গে সাংঘর্ষিক।
তিনি উল্লেখ করেন, দেশীয় গণমাধ্যমের শিরোনাম পড়লে মনে হয়, শেখ হাসিনা নিজেই রয়টার্সকে দেশে ফেরার কথা জানিয়েছেন। কিন্তু তথ্যটি এসেছে তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বিবৃতি থেকে। রয়টার্সের প্রতিবেদনের প্রথম বাক্যেই স্পষ্ট করা হয়েছে, শেখ হাসিনার মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।সুজাউদ্দৌলা সুজন মাহমুদের মতে, শিরোনামে মুখপাত্রের কোনো উল্লেখ না রেখে শেষে শুধু ‘রয়টার্স’ লেখায় পাঠকের কাছে তথ্যের প্রকৃত উৎস অস্পষ্ট থেকে যায়। এতে মুখপাত্রের বিবৃতিটি শেখ হাসিনার সরাসরি বক্তব্য হিসেবে প্রতীয়মান হয়।
ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশীয় গণমাধ্যমের শিরোনামে শুধু শেখ হাসিনার পক্ষের দাবিই স্থান পেয়েছে। অথচ রয়টার্সের প্রতিবেদনের প্রথম বাক্য ও সারসংক্ষেপে হাসিনার দাবির পাশাপাশি সরকারের অবস্থানও সমান গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, শেখ হাসিনা কেবল প্রত্যর্পণের মাধ্যমেই বাংলাদেশে ফিরতে পারবেন।
তার ভাষ্য, শিরোনামের শেষে ‘রয়টার্স’ উল্লেখ থাকায় পাঠকের মনে হতে পারে, রয়টার্সের প্রতিবেদনের মূল বক্তব্য শুধু হাসিনার দেশে ফেরার ইচ্ছা। বাস্তবে প্রতিবেদনটি দুই পক্ষের বক্তব্য নিয়ে তৈরি এবং সরকারের প্রত্যাখ্যানও এর অন্যতম কেন্দ্রীয় বিষয়।
শেখ হাসিনার ‘বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান’—এমন বক্তব্যও শুধু তার পক্ষের চাওয়া হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। অথচ একই অনুরোধকে সরকার ‘অবাস্তব কল্পনাপ্রসূত’ বলে নাকচ করেছে। শিরোনামে সেই অবস্থানের কোনো ইঙ্গিত নেই। ফলে পাঠক খবরের গুরুত্বপূর্ণ একটি অংশ জানতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।
সুজাউদ্দৌলা সুজন মাহমুদ তার পোস্টে রয়টার্সের প্রতিবেদনের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যের কথা উল্লেখ করেন, যেগুলো দেশীয় অনেক গণমাধ্যমের প্রতিবেদনে আসেনি বলে দাবি করেন তিনি। এসব তথ্যের মধ্যে রয়েছে—প্রতিবেদনের প্রথম বাক্যেই শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফেরার কথা সরকারের পক্ষ থেকে জানানো, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের তিনটি বক্তব্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলামের বক্তব্য এবং বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এপ্রিলে জানানো অবস্থান।পোস্টে তিনি জানান, রয়টার্সের প্রতিবেদনটি লিখেছেন ভারতীয় সাংবাদিক কৃষ্ণ এন দাস। এটি প্রথম প্রকাশিত হয় বাংলাদেশ সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা ৫৬ মিনিটে। পরে প্রতিবেদনটি সংশোধন করা হয়।
প্রতিবেদনের প্রথম বাক্যের ইংরেজি উদ্ধৃতি তুলে ধরে তিনি বলেন, সেখানে একসঙ্গে দুটি তথ্য দেওয়া হয়েছে। প্রথমত, শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান বলে তার মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন। দ্বিতীয়ত, সরকার বলেছে, তিনি কেবল প্রত্যর্পণের মাধ্যমেই ফিরতে পারবেন। প্রতিবেদনের সারসংক্ষেপেও বলা হয়েছে, ভারত কেবল প্রত্যর্পণের মাধ্যমেই তাকে ফেরত পাঠাতে পারে বলে বাংলাদেশের অবস্থান।
সূত্র: মূল প্রতিবেদন

গুলশানে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন