শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষে ৭১ কারখানায় ছুটি

Icon প্রথম সমাচার ডেস্ক

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল।

আজ বুধবার (১০ নভেম্বর) সকালে কয়েকটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভের পর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে দুপুর পর্যন্ত অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে আশুলিয়ার জামগড়া, নিশ্চিন্তপুর, নরসিংহপুর ও জিরাবো এলাকার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় কাজ বন্ধ রেখে অবস্থান নেন। পরে তাদের কেউ কেউ কারখানা থেকে বের হয়ে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। এ সময় জামগড়া এলাকায় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পুলিশের এপিসি গাড়ি লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ওই এলাকার কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

অন্যদিকে, সকালে সাভারের হেমায়েতপুরেও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে পরে কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে তারা বাগবাড়ি এলাকায় স্ট্যান্ডার্ড এমএইচ গ্রুপের একটি কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ তাদের সড়ক থেকে সরে যাওয়ার নির্দেশ দিলেও তারা অবস্থান অব্যাহত রাখেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এরপর ওই এলাকায় কয়েক দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান।

শ্রমিক বিক্ষোভ ও সংঘাতের প্রেক্ষাপটে সাভার-আশুলিয়ার ৭১টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। এরমধ্যে ৩২টি ছোট এবং ৩৯টি মাঝারি ও বড় কারখানা রয়েছে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বুধবার গণমাধ্যমকে জানান, সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছিলেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন এবং পুলিশ ও এপিসি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে সাভার ও আশুলিয়ায় ৩২টি ছোট এবং ৩৯টি মাঝারি ও বড় কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com