শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

‘পাকিস্তান আমাদের কাছে পাত্তাই পাবে না, ৫ গোল দিবো’

Icon প্রথম সমাচার ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিকরা। বড় জয়ের ম্যাচে চারটি গোল করেছেন চার ভিন্ন ফুটবলার। এর মধ্যে প্রবাসী ফুটবলার ফারহান আলি ওয়াহিদের গোলটি ছিল চোখ ধাঁধানো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথম গোলটি করেন সামিত সোম। এরপর ব্যবধান দ্বিগুণ করেন হামজা চৌধুরী। বিরতির পর দলের তৃতীয় গোলটি করেন ফারহান আলি ওয়াহিদ। আর রাকিবের গোলে পূর্ণ হয় বাংলাদেশের এক হালি গোল।

চারটি গোলই ছিল দৃষ্টিনন্দন। তবে পাঁচজন শ্রীলঙ্কান ফুটবলারের চোখ ফাঁকি দিয়ে ফারহানের করা গোলটি দর্শকদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। গ্যালারিতে থাকা সমর্থকদের উচ্ছ্বাসও ছিল অন্যরকম। গোলের পরপরই পুরো স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দের আবহ।

ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকেরাও। ফারহানের গোল নিয়ে আব্দুল বারী নামের একজন বলেন, ‘ফারহানের খেলা অসাধারণ। তার করা গোলটি বিশ্বমানের। টিকিট কেটে খেলা দেখতে আসা সার্থক হয়েছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ের পর এখন বাংলাদেশের সামনে সেমিফাইনালের চ্যালেঞ্জ। ফাইনালে ওঠার ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপপর্বে দুই ম্যাচেই দারুণ পারফরম্যান্স করায় প্রতিপক্ষ পাকিস্তানকে নিয়ে সমর্থকদের আত্মবিশ্বাসও এখন তুঙ্গে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে শামীম জামান নামের একজন ফুটবলপ্রেমী বলেন, ‘বাংলাদেশের খেলার অনেক উন্নতি হয়েছে। পাকিস্তান আমাদের কাছে পাত্তাই পাবে না। আমরা পাকিস্তানকে ৫ গোল দিবো।’

শ্রীলঙ্কার বিপক্ষে চার গোলের জয়ের পর তাই গ্যালারির সমর্থকদের চোখ এখন সেমিফাইনাল নিয়ে অনেক প্রত্যাশা। ফারহানদের এমন আক্রমণাত্মক ফুটবল অব্যাহত থাকলে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ ফাইনালের টিকিট কাটবে—এমন প্রত্যাশাই এখন সমর্থকদের।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com