প্রথম সমাচার ডেস্ক:
হঠাৎ করেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। সোমবার (১৬ নভেম্বর) ভোর আনুমানিক পাঁচটার দিকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাকে স্থানান্তর করা হয়। তবে তার খাবার রান্নার কাজে নিয়োজিত রঙ্গনাথ দাশ ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেই রাখা হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চিন্ময় কৃষ্ণ দাসকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে নেওয়া হয়েছে।’ তবে কী কারণে তাকে স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এ বিষয়ে জানতে চাইলে কারাগারের জেলারও কোনো মন্তব্য করতে রাজি হননি।’
তবে কারা সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সরিয়ে নেওয়া হয়। তার সঙ্গে খাবার রান্নার কাজে নিয়োজিত রঙ্গনাথ দাশ ব্রহ্মচারীকে নেওয়া হয়নি। তিনি আগের মতোই চট্টগ্রাম কারাগারে রয়েছেন।
২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর পর তার সমর্থকরা প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন। পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে তাকে কারাগারে নিয়ে যায়।
ওই বিক্ষোভের সময় আদালত সড়কে কয়েকটি মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। পরে আইনজীবী ও আদালতের কর্মচারীদের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এর মধ্যেই রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ২৯ নভেম্বর আলিফের বাবা জামাল উদ্দিন নগরীর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান ৩৮ জনকে আসামি করে অভিযোগপত্র দেন। এতে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করা হয়।
তদন্ত কর্মকর্তা সে সময় জানিয়েছিলেন, জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় আদালত প্রাঙ্গণে উসকানিমূলক বক্তব্য দেন। তার বক্তব্যে অন্য আসামিরা উত্তেজিত হয়ে আইনজীবীর ওপর হামলা চালান বলে তদন্তে উঠে এসেছে। গ্রেপ্তার আসামিদের জবানবন্দি ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হামলায় জড়িত ব্যক্তিদের অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষের দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে সেদিন আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। মহানগর দায়রা জজ আদালত গত ৭ জানুয়ারি মামলাটি বিচারের জন্য চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠান। পরে ১৯ জানুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

ছয় বছর আগের প্রতিশ্রুতি রেখেছেন খাজা, অবাক হয়েছিলেন ওয়ার্নারও
ভিটামিন ডির অভাব ঠেকাতে নিয়মিত খান ১০ খাবার
সীমান্তে ভারতে যাওয়ার সময় নারী-শিশুসহ ৯ বাংলাদেশি আটক