বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

শেখ হাসিনা বেঁচে আছেন কি না কনফিউজড ছিলাম: জুলকারনাইন সায়ের

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফেরার আগ্রহ নিয়ে প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনকে কেন্দ্র করে মন্তব্য করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লেখেন, শেখ হাসিনা জীবিত আছেন কি না, তা নিয়েও তিনি এতদিন বিভ্রান্তিতে ছিলেন।

পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, ‘ফ্র্যাংকলি, এতদিন আমি নিজেও বেশ কনফিউজড ছিলাম। হাসিনা কি বেঁচে আছেন, নাকি ঘাড়ধাক্কা খেয়ে গদি থেকে পড়ে, তারপর লাথি খেয়ে দেশছাড়া হওয়ার শোক সইতে না পেরে পরলোকে পাড়ি জমিয়েছেন?’

এরপর শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, তাঁর মতে, দেশে ফেরার ক্ষেত্রে শেখ হাসিনার পরিকল্পনার একটি অংশ হতে পারে সীমান্তে টানেল খননের সম্ভাবনা যাচাই করা, আর বিকল্প পরিকল্পনা হতে পারে বিজয় দিবসে রাষ্ট্রীয় বিমান সংস্থার উড়োজাহাজে চড়ে দেশে ফেরা।

জুলকারনাইনের দাবি, শেখ হাসিনার ঘনিষ্ঠজনেরা তাঁকে এমন একটি পরিস্থিতির মধ্যে রেখেছেন, যেখানে তিনি এখনো নিজেকে ক্ষমতাসীন মনে করছেন। এ প্রসঙ্গে তিনি শেখ সেলিম, শেখ হেলাল, তন্ময়, নিক্সন, লিটন, শেখ মারুফ, তাপস ও পরশসহ কয়েকজনের নাম উল্লেখ করেন। পাশাপাশি নানক, নাসিম, ওবায়দুল কাদের, সম্রাট ও জাহাঙ্গীরের কথাও তুলে ধরেন।

পোস্টে তিনি আরও দাবি করেন, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে শেখ হাসিনাকে যুক্ত রেখে তাঁর সামনে দেশে বিপুলসংখ্যক কর্মী প্রস্তুত থাকা, চট্টগ্রাম নিয়ন্ত্রণে নেওয়া কিংবা বিমানবন্দর দখলের মতো নানা দাবি উপস্থাপন করা হচ্ছে। এসব বক্তব্যের বাস্তবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জুলকারনাইন সায়েরের ভাষ্য, এসব কথাবার্তা শুনে শেখ হাসিনা দেশে ফেরার স্বপ্ন দেখছেন। তাঁর বর্তমান রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্র হিসেবে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাও উল্লেখ করেন এই সাংবাদিক।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ১৬ ডিসেম্বর বিমানে করে দেশে ফেরার কথা বলে শেখ হাসিনা একদিক থেকে ভালোই করেছেন। তবে এর কারণ কী, তা ১৭ ডিসেম্বর লিখবেন বলেও জানান তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে যেন তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশি একটি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন। তাই দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারের কাছে উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com