প্রথম সমাচার ডেস্ক:
ইরানে হিজাব ছাড়া গান গাওয়ায় জনপ্রিয় গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার বেত্রাঘাত করা হয়েছে। তার সঙ্গে একই শাস্তি পেয়েছেন তার দলের আরও চার সদস্য।
গত সোমবার (২৩ নভেম্বর) ইরানের সংবাদমাধ্যম এমতেদাদ এ তথ্য জানিয়েছে। আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, পারাস্তো আহমাদি ও তার দলের চার সদস্যকে দুই বছরের জন্য গান ও শিল্পচর্চা এবং ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
অনলাইনে ‘অশ্লীল ও অনৈতিক’ কনটেন্ট তৈরি ও প্রকাশ করে জনশালীনতা নষ্ট করার অভিযোগে তাদের এই সাজা দেওয়া হয়।
এদিকে, নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন হেনগাও জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে একটি ভিডিও প্রকাশের পর তাদের বিরুদ্ধে মামলা হয়। ওই ভিডিওতে দেখা যায়, ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে কোম শহরে পুরুষ বাদ্যযন্ত্রীদের সঙ্গে হিজাব ছাড়া গান গাইছেন পারাস্তো আহমাদি। ভিডিওটি প্রকাশের পরই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
ইরানে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। এই নিয়ম নিয়ে দেশটিতে বিভিন্ন সময় আন্দোলন ও বিক্ষোভ হয়েছে।
বিশেষ করে, ২০২২ সালে হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তার হওয়া কুর্দি বংশোদ্ভূত তরুণী মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর হিজাববিধি নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়ে। নারীদের পোশাকের স্বাধীনতার দাবিতে বিভিন্ন শহরে প্রতিবাদও হয়।
সম্প্রতি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে অনেক নারী প্রকাশ্যে হিজাব ছাড়াই চলাফেরা করছেন। তবে, হিজাববিধি কার্যকরে কর্তৃপক্ষের কঠোরতা আগের তুলনায় কিছুটা কমেছে। এদিকে, বেত্রাঘাতকে নির্যাতন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। এ ধরনের শাস্তি মানবাধিকারের পরিপন্থি বলে আসছে তারা।
তবে, নিজেদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পশ্চিমাদের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে ইরান।
অন্যদের সমালোচনা করার আগে পশ্চিমা দেশগুলোর বরং নিজেদের মানবাধিকার পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেছে দেশটি।
সূত্র: মূল প্রতিবেদন

ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক কর্মশালা