প্রথম সমাচার ডেস্ক:
ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশি ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ ও নির্বিঘ্ন করতে কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ১ ডিসেম্বর থেকে এই দুই কেন্দ্রে ভিসাসংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবে সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস (এসজিজিএস)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালুর বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গসহ ভারতের পাঁচটি রাজ্যে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং দীর্ঘমেয়াদে অবস্থানরত বিদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়ের বাসিন্দারা নতুন কেন্দ্র দুটির মাধ্যমে বাংলাদেশি ভিসার আবেদন জমা দিতে পারবেন।
নতুন ব্যবস্থায় কলকাতার ভিসা আবেদন কেন্দ্র স্থাপন করা হয়েছে সল্টলেকের সেক্টর ফাইভে অবস্থিত সিমসিস টাওয়ার্সের প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপিতে। এর পোস্টাল কোড ৭০০০৯১।
অন্যদিকে, শিলিগুড়ির আবেদন কেন্দ্রটি চালু হবে সেবক রোডের সিটি মলের প্রথম তলায়। কেন্দ্রটির ঠিকানা শিলিগুড়ি, দার্জিলিং-৭৩৪০০১।
বাংলাদেশ সরকার এসজিজিএসকে আউটসোর্সড সার্ভিস প্রোভাইডার হিসেবে নিয়োগ দিয়েছে। সংশ্লিষ্ট পাঁচ রাজ্যের ভিসাপ্রত্যাশীদের নতুন কেন্দ্রগুলোর মাধ্যমে আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ উপ-হাইকমিশন।
উল্লেখ্য, এতদিন পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল বেসরকারি প্রতিষ্ঠান ডিইউ ডিজিটাল। কলকাতার সল্টলেক ও শিলিগুড়িতে প্রতিষ্ঠানটির কার্যালয়ের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করে সেগুলো বাংলাদেশ উপ-হাইকমিশনে পাঠানো হতো। সেখানে ভিসা প্রক্রিয়াকরণ শেষে আবেদনকারীরা সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ভিসাসহ পাসপোর্ট সংগ্রহ করতেন।
তবে ডিইউ ডিজিটালের সঙ্গে চুক্তিভিত্তিক পরিষেবার মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। এর পরদিন থেকেই নতুন প্রতিষ্ঠান এসজিজিএসের মাধ্যমে কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদনসংক্রান্ত কার্যক্রম শুরু হবে।
সূত্র: মূল প্রতিবেদন

ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক কর্মশালা