বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, ডিসেম্বর থেকে কার্যকর

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। মালিক ও শ্রমিকপক্ষের মতৈক্য এবং বোর্ড সদস্যদের ভোটে সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। নতুন এ মজুরি আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত ২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

তিনি জানান, প্রথমবারের মতো মাত্র ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করতে পেরেছে বোর্ড।

নতুন মজুরি কাঠামোয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। তবে চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হতে না পারায় শ্রম আইন অনুযায়ী গোপন ভোট নেওয়া হয়। এতে চারজন সদস্য ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।

নতুন কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডে হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।

তৃতীয় গ্রেডে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার ও ট্যাগিংম্যানদের মজুরি হবে ১৯ হাজার ২০০ টাকা।

দ্বিতীয় গ্রেডে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটরসহ সংশ্লিষ্ট কর্মীদের মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

আর প্রথম গ্রেডে সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের মজুরি হবে ২১ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া যেসব শ্রমিক বর্তমানে ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পান, তাঁদের বেতন অন্তত দুই হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। কারখানাগুলো নিজেদের সক্ষমতা অনুযায়ী এর চেয়ে বেশি বেতনও দিতে পারবে।

বৈঠক সূত্রে জানা গেছে, শেষ পর্যায়ে শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৮ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে, সোমবার মালিকপক্ষের প্রস্তাবের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টা থেকে আলোচনা শুরু হয়। বিরতি দিয়ে রাত দেড়টা পর্যন্ত চলে দর-কষাকষি।

সংবাদ সম্মেলনে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার আন্দোলনরত শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আন্দোলনে জড়িত শ্রমিকদের ছাঁটাই বন্ধ, গ্রেপ্তার শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধে সরকারের কাছে সুপারিশ করার কথা জানান তিনি।

কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com