প্রথম সমাচার ডেস্ক:
মানব ইতিহাসে সর্বোচ্চ উষ্ণতার এক ভয়াবহ ও নজিরবিহীন রেকর্ড গড়ল পৃথিবী। আধুনিক শিল্পায়ন শুরুর আগে বা প্রাক-শিল্প যুগের তুলনায় দৈনিক বৈশ্বিক গড় তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ২৪ ডিগ্রি সেলসিয়াস। ইতিহাসে এর আগে কখনোই পৃথিবীর ভূপৃষ্ট এতটা উত্তপ্ত হয়ে ওঠেনি। শুধু তা-ই নয়, প্রথমবারের মতো টানা ছয় দিন ধরে বিশ্বের গড় তাপমাত্রা আধুনিক শিল্প যুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করছে।
জলবায়ু পরিবর্তনের এই ভয়ঙ্কর রূপ দেখে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন জলবায়ু বিজ্ঞানীরা। তাদের আশঙ্কা, তাপমাত্রা বৃদ্ধির এই রেকর্ড গড়া সময়কাল এখনও থামেনি; বরং আগামী কয়েক দিন তা অব্যাহত থাকতে পারে। তারা ‘এল নিনো’র প্রভাবে তাপমাত্রার এই অস্বাভাবিক ঊর্ধ্বগতিকে মানবসভ্যতার জন্য অশনিবার্তা বলছেন বলে বুধবার (২৫ নভেম্বর) জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে জানানো হয়, গত সোমবার পৃথিবীর দৈনিক গড় তাপমাত্রা প্রাক্-শিল্প যুগের তুলনায় ২ দশমিক ২৪ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড করা হয়েছে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে ও ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মাত্র দুবার দৈনিক বৈশ্বিক তাপমাত্রা ২ ডিগ্রির ঘর ছাড়িয়েছিল। কিন্তু সেসব ক্ষেত্রে উষ্ণতার তীব্রতা যেমন এতটা বেশি ছিল না, তেমনি তা দীর্ঘস্থায়ীও হয়নি।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনও বৈশ্বিক তাপমাত্রা এমন উচ্চ পর্যায়ে থাকতে পারে।
বিজ্ঞানীরা বলছেন, এই নজিরবিহীন উষ্ণতা এখনও প্যারিস জলবায়ু চুক্তির চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে, এমনটা বলার সময় আসেনি। কারণ, দীর্ঘমেয়াদি গড় হিসাবের বদলে এটি এখনও স্বল্পস্থায়ী একটি ঘটনা। এই অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, মানুষের নির্বিচারে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে সৃষ্ট দীর্ঘমেয়াদি বৈশ্বিক উষ্ণায়ন। দ্বিতীয়ত, প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোত বা ‘এল নিনো’র অস্বাভাবিক শক্তিশালী প্রভাব। ‘এল নিনো’ বর্তমানে তার সর্বোচ্চ পর্যায়ের দিকে এগোচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বার্কলে আর্থের জলবায়ু গবেষক জিক হাউসফাদারের মতে, ১৮৫০ থেকে ১৯০০ সালকে ভিত্তিবছর ধরে ২০২৩ সালে তাপমাত্রা বৃদ্ধির যে ২ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড হয়েছিল, এবার তা রীতিমতো ভেঙে চুরমার হয়ে গেছে। এটি ভবিষ্যতের জন্য অশনিসংকেত।
কোপারনিকাস জলবায়ু পরিবর্তনবিষয়ক পরিষেবার জলবায়ু কৌশলগত প্রধান সামান্থা বার্জেস বলেন, ‘এটি বৈশ্বিক তাপমাত্রার এক ব্যতিক্রমী অস্বাভাবিকতা। কয়েক মাস ধরেই আমরা বৈশ্বিক তাপমাত্রার রেকর্ড ভাঙতে দেখছি। প্রতিদিন তাপমাত্রা কিছুটা ওঠানামা করলেও এই পর্যায়ের তাপমাত্রা জলবায়ু কতটা উত্তপ্ত হয়ে উঠেছে, তার সুস্পষ্ট ইঙ্গিত।’
তিনি আরও জানান, এর আগে ১৮৭০-এর দশকে এ মাত্রার শক্তিশালী ‘এল নিনো’ দেখা গিয়েছিল। ওই সময় বিশ্বজুড়ে সৃষ্ট ব্যাপক দুর্ভিক্ষে প্রায় ৫ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। বিজ্ঞানীদের ধারণা, বর্তমান ‘এল নিনো’ আগামী জানুয়ারি মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। তবে এর পূর্ণ প্রভাব অনুভূত হতে আরও কয়েক মাস সময় লাগবে।
যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে, আগামী কয়েক মাসে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়বে। খরার কারণে গ্রীষ্মমণ্ডলীয় বাস্তুতন্ত্রের উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি কমে গেছে। ফলে বায়ুমণ্ডল থেকে গাছপালার কার্বন শোষণের ক্ষমতাও হ্রাস পাচ্ছে।
যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তরের হ্যাডলি সেন্টারের জলবায়ু প্রভাব গবেষণা বিভাগের প্রধান রিচার্ড বেটস বলেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে যে কার্বন জমা হয়, গাছপালার এই শোষণ ক্ষমতা কমে যাওয়ায় তার পরিমাণ আরও বাড়বে।
তিনি জানান, চলতি বছর থেকে আগামী বছর পর্যন্ত বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ প্রতি মিলিয়নে প্রায় ৩ দশমিক ৫ অংশ (পিপিএম) বাড়তে পারে। সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এই বৃদ্ধির হার এক-তৃতীয়াংশ বেশি। বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখতে হলে কার্বন বাড়ার যে হার থাকার কথা ছিল, বর্তমান হার তার প্রায় দ্বিগুণ।
২০১৫ সালে প্যারিসে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রায় ২০০টি দেশ ঐতিহাসিক প্যারিস চুক্তিতে সই করে। চুক্তিতে প্রাক-শিল্প যুগের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখার এবং ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখার অঙ্গীকার করা হয়।
কিন্তু বাস্তবে সেই লক্ষ্য অর্জন নিয়ে সংশয় বাড়ছে। চলতি মাসে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু আলোচনা ব্যর্থ হওয়ার পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৈশ্বিক উষ্ণায়নের গতি বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ ও সতর্কবার্তা দিয়েছেন।
সূত্র: মূল প্রতিবেদন

ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক কর্মশালা