রোববার, ২৯ নভেম্বর ২০২৬
Logo
×

মির্জাপুরে রাতের আঁধারে পাহাড়ি লাল মাটি কাটার মহোৎসব

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে চলছে পাহাড়ি লাল মাটি কাটার মহোৎসব। সন্ধ্যা নামার পর থেকেই শুরু হয় মাটি কাটার কর্মযজ্ঞ, যা চলে গভীর রাত পর্যন্ত। উপজেলার আজগানা এলাকার পলাশতলী গ্রামে বনাঞ্চলে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে পাহাড় কেটে লাল মাটি সাবাড় করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের আলোয় অনেকটা নীরব থাকলেও সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে ওঠে মাটি কাটার চক্রটি। রাতের অন্ধকারে পাহাড়ি এলাকায় ভ্যাকুয়াম মেশিন বসিয়ে নির্বিচারে কাটা হচ্ছে লাল মাটি। পরে ট্রাক ও বিভিন্ন যানবাহনে করে এসব মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে রোববার (২৯ নভেম্বর) দুপুরে পলাশতলীত গ্রামে গিয়ে দেখা যায়, মাটি কাটার কাজ শেষ হলে ব্যবহৃত ভ্যাকুয়াম মেশিনগুলো পাহাড়ের জঙ্গলে লুকিয়ে রাখা হয়। এতে দিনের বেলায় ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার সরঞ্জাম বা কর্মকাণ্ডের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এভাবে রাতের পর রাত পাহাড়ের মাটি কেটে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের মারাত্মক ক্ষতি করা হচ্ছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্রের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ড চললেও কার্যকর প্রতিরোধ দেখা যাচ্ছে না। রাতের আঁধারে মাটি কাটার কারণে পাহাড়ের স্বাভাবিক গঠন নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের বনভূমি, জীববৈচিত্র্য ও পরিবেশ হুমকির মুখে পড়ছে।

সচেতন মহলের দাবি, পাহাড়ি লাল মাটি কাটার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে রাতের বেলায় অভিযান জোরদার, মাটি কাটার কাজে ব্যবহৃত ভ্যাকুয়াম মেশিন জব্দ, দোষীদের জেলে প্রেরণ এবং পাহাড় রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা বলেন, “পাহাড়ি এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিষয়টি আমাদের নজরে এসেছে। রাতের আঁধারে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে খোঁজখবর নেওয়া হচ্ছে। ইতোমধ্যে আমরা প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি অভিযান পরিচালনা করেছি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পাহাড় ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।”

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com