সোমবার, ০১ জুন ২০২৬
Logo
×

চমক রেখে ‍মিশরের বিশ্বকাপ দল ঘোষণা

প্রথম সমাচার ডেস্ক ২৬ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণায় বড় চমক রেখেছে মিশর। নঁতের তারকা ফরোয়ার্ড মোস্তফা মোহাম্মদকে বাইরে রেখেই দল ঘোষণা করেছেন কোচ হোসাম হাসান। তবে দলে জায়গা পেয়েছেন বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের কিশোর ফরোয়ার্ড হামজা আবদেলকারিম।

মিশরের আক্রমণভাগের নেতৃত্বে থাকবেন অধিনায়ক মোহাম্মদ সালাহ। লিভারপুল তারকার সঙ্গে থাকছেন ম্যানচেস্টার সিটির ওমর মারমুশ। আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে ২৭ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন হোসাম হাসান। রাশিয়ার বিপক্ষে ২৮ মে কায়রোর প্রস্তুতি ম্যাচের পর একজনকে বাদ দিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে।

মোস্তফা মোহাম্মদের বাদ পড়া বিস্ময় জাগালেও সাম্প্রতিক ফর্ম তার পক্ষে ছিল না। নঁতের হয়ে এই মৌসুমে ২৪ ম্যাচে মাত্র ৪ গোল করেছেন তিনি। তার ক্লাবও ফরাসি লিগ আঁ থেকে অবনমিত হয়েছে। অন্যদিকে হামজা আবদেলকারিম বার্সেলোনার যুবদলের হয়ে ভালো ফর্মে আছেন এবং মিশরীয় ফুটবলের অন্যতম প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড হিসেবে বিবেচিত হচ্ছেন।

বিশ্বকাপের আগে ৬ জুন ক্লিভল্যান্ডে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে মিশর। এরপর ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। গ্রুপ ‘জি’-তে মিশরের অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও ইরান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ ২১ জুন ভ্যাঙ্কুভারে, আর ২৬ জুন সিয়াটলে ইরানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সালাহদের মিশর।

মিশরের প্রাথমিক বিশ্বকাপ দল

গোলকিপার: মোহাম্মদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইর, এল মাহদি সোলিমান, মোহাম্মদ আলা।

ডিফেন্ডার: মোহাম্মদ হানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগিদ, মোহাম্মদ আবদেলমোনেম, আহমেদ ফাতুহ, করিম হাফেজ।

মিডফিল্ডার: মারওয়ান আতেয়া, মোহানাদ লাশিন, নাবিল এমাদ, মাহমুদ সাবের, আহমেদ জিজো, এমাম আশুর, মোস্তফা জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান।

ফরোয়ার্ড: ওমর মারমুশ, মোহাম্মদ সালাহ, আকতাই আবদাল্লাহ, হামজা আবদেলকারিম।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...