বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Logo
×
পাল্টা ব্যাখ্যা প্রশাসনের

ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় জরিমানার অভিযোগ

প্রথম সমাচার ডেস্ক ০৪ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশাকে ‘আপা’ সম্বোধন করাকে কেন্দ্র করে একটি মিষ্টির দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে। তবে অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে উপজেলা প্রশাসন। ঘটনাটি গত ২৯ মে উপজেলার তাজপুর বাজারে অবস্থিত বনফুল অ্যান্ড কোম্পানির একটি বিক্রয়কেন্দ্রে ঘটে বলে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, সেদিন সাধারণ ক্রেতার বেশে দোকানে যান ইউএনও মুনমুন নাহার আশা। সেখানে দোকানের কর্মচারী আব্দুল মান্নান তাকে ‘আপা’ সম্বোধন করে বিভিন্ন মিষ্টির মান ও মেয়াদ সম্পর্কে তথ্য দেন। পরে ইউএনও নিজের পরিচয় প্রকাশ করলে পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দোকানের কর্মচারী আব্দুল মান্নানের দাবি, তাকে একটি কাগজে স্বাক্ষর করতে চাপ দেওয়া হয়েছিল এবং জরিমানার ঘটনায় তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের নজরেও এনেছেন বলে জানিয়েছেন।

তবে বনফুলের তাজপুর শাখার ব্যবস্থাপক সুহেল বড়ুয়া বলেন, ‘আপা’ সম্বোধনের কারণে জরিমানা করা হয়েছে—এমন অভিযোগ সঠিক নয়। তার ভাষ্য, দোকানে পুরোনো ও শুকনো মিষ্টি বিক্রির বিষয়টি নিয়ে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা নিয়েছিল।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেন, ভুক্তভোগী কর্মচারী বিষয়টি সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার কাছে উপস্থাপন করেছেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা অভিযোগটি সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেখা যায়, প্রতিষ্ঠানে বাসি ও পুরোনো মিষ্টি বিক্রি করা হচ্ছিল। রশিদ ও সংশ্লিষ্ট কর্মচারীর বক্তব্যের মাধ্যমে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তিনি আরও বলেন, “আপা বলে সম্বোধন করা কোনো অপরাধ নয়। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। বাসি মিষ্টি বিক্রির দায়ে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।”

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...