বিশ্বকাপের মঞ্চে কখনো কখনো এমন গল্প জন্ম নেয়, যা ফুটবলের সীমানা ছাড়িয়ে কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায়। কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা (Vozinha) ঠিক তেমনই এক গল্পের নায়ক।
২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’-এ শক্তিশালী স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য গোলকিপিং করে ০-০ গোলের ড্র নিশ্চিত করেন ভোজিনহা। স্পেনের একের পর এক আক্রমণ ঠেকিয়ে তিনি ম্যাচের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে প্রশংসা কুড়ান। সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে তিনি বিশ্বচ্যাম্পিয়নদের হতাশ করে দেন এবং কেপ ভার্দেকে এনে দেন তাদের ইতিহাসের অন্যতম স্মরণীয় ফলাফল।
কিন্তু ম্যাচের পর যা ঘটেছে, তা যেন রূপকথাকেও হার মানায়। ম্যাচ শুরুর আগে ভোজিনহার ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল প্রায় ৪৫-৫০ হাজার। ব্রাজিলের জনপ্রিয় সম্প্রচারমাধ্যম Cazé TV ম্যাচ চলাকালে দর্শকদের তার অ্যাকাউন্ট ফলো করার আহ্বান জানায়। এরপর শুরু হয় অভূতপূর্ব সামাজিক যোগাযোগমাধ্যম ঝড়। কয়েক ঘণ্টার মধ্যেই তার ফলোয়ার সংখ্যা লাখ ছাড়িয়ে মিলিয়নে পৌঁছে যায়। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যাচ শেষে তার ফলোয়ার ২০ লাখ, ৩০ লাখ এমনকি ৪০ লাখেরও বেশি ছাড়িয়ে যায় এবং সংখ্যা দ্রুত বাড়তে থাকে।
তার সামাজিক যোগাযোগমাধ্যমের ইনস্ট্রগ্রামে সর্বশেষ অনুযায়ী, ভোজিনহার অনুসারী সংখ্যা ৫০ লাখের অধিক হয়ে গেছে, যা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ব্যক্তিগত উত্থানগুলোর একটি হয়ে উঠেছে।
ম্যাচ শেষে আবেগাপ্লুত ভোজিনহা বলেন, এই মুহূর্তের জন্য তিনি সারা জীবন অপেক্ষা করেছেন। কেপ ভার্দের প্রথম বিশ্বকাপ অংশগ্রহণে স্পেনের মতো পরাশক্তির বিপক্ষে পয়েন্ট আদায় করে তিনি শুধু নিজের দেশকেই গর্বিত করেননি, বরং রাতারাতি বিশ্ব ফুটবলের নতুন নায়ক হয়ে উঠেছেন।
ফুটবলে কখনো কখনো একটি ম্যাচই বদলে দেয় একজন খেলোয়াড়ের জীবন। স্পেনের বিপক্ষে ভোজিনহার সেই অবিশ্বাস্য রাতটি হয়তো তার ক্যারিয়ারের সেরা ম্যাচ, আর সেই ম্যাচই তাকে ৫০ হাজার ফলোয়ারের সাধারণ একজন গোলরক্ষক থেকে কয়েক ঘন্টার ব্যবধানে কোটি মানুষের পরিচিত বিশ্বকাপ তারকায় পরিণত করেছে।
