শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

প্রথম সমাচার ডেস্ক ২৯ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী বিদ্যালয়টি দ্রুত জাতীয়করণের নির্দেশ দিয়েছেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন করা হবে।

শিক্ষামন্ত্রী সংসদে বলেন, সম্প্রতি বিদ্যালয়টির প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন-এর অসাধারণ আত্মত্যাগ ও সংগ্রামের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। দুর্গম পাহাড়ি এলাকায় বিদ্যালয়টি সচল রাখতে শিক্ষক-কর্মচারীদের বেতন জোগানোর জন্য তিনি ছুটির দিনে থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করেন।

জানা যায়, চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে নৌকা চালিয়ে তিনি প্রায় ৪০ হাজার টাকা আয় করেন। এর মধ্যে প্রায় ৩০ হাজার টাকা সহকর্মীদের বেতন পরিশোধে ব্যয় করেন। একটি শিক্ষা প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে তাঁর এই আত্মত্যাগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়ায়।

বিষয়টি অবগত হওয়ার পর প্রধানমন্ত্রী বিদ্যালয়টি জাতীয়করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন।

২০২০ সালে প্রতিষ্ঠিত তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের হওয়ায় নিয়মিত বেতন পরিশোধ করতে পারে না। ফলে শিক্ষক-কর্মচারীদের বেতন এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনা দীর্ঘদিন ধরেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল।

সংশ্লিষ্টদের আশা, বিদ্যালয়টি জাতীয়করণ হলে দীর্ঘদিনের আর্থিক সংকট দূর হবে এবং দুর্গম পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীরা আরও মানসম্মত ও টেকসই শিক্ষার সুযোগ পাবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...