চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আছবাহার বেগম (৩৫) ও মরিয়ম বেগম (১৮) নামে দুই নারীর মৃত্যু হয়েছে।
আছবাহার বেগম ছনুয়া ৭ নম্বর ওয়ার্ডের ফৈয়জানীপাড়ার বাসিন্দা কামাল উদ্দিনের স্ত্রী এবং মরিয়ম বেগম ছনুয়া ২ নম্বর ওয়ার্ড খাসপাড়ার বাসিন্দা রিয়াজুদ্দিনের স্ত্রী। আছবাহার বেগম শুক্রবার এবং মরিয়ম বেগম শনিবার মারা যান।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাজমা আক্তার জানান, বন্যাদুর্গত এলাকায় ডায়রিয়াসহ নানা রোগ দেখা দেওয়ায় তারা মেডিকেল টিম গঠন করে দুর্গত এলাকায় পাঠিয়েছেন, তবে সেখানকার মেডিকেল টিমই পানিবন্দি হয়ে পড়েছে। তার ভাষ্যমতে, গুরুতর রোগীদের অবশ্যই হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে। তিনি আরও জানান, ডায়রিয়ায় আক্রান্ত অনেক রোগী হাসপাতালে আসছেন এবং তাদের স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ছনুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমীন বলেন, তার ইউনিয়নের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা মধুখালী, ছেলবন, খুদুকখালী, চেমটখালী ও ছনুয়ার টেক এলাকায় এখনো বহু মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।
তাদের মধ্যে সামান্য শুকনো খাবার বিতরণ করা হলেও অনেক নারী, বৃদ্ধ ও শিশু অনাহারে দিন কাটাচ্ছেন এবং অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এরই মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটল।
