প্রথম সমাচার ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তপশিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে ১২ ঘণ্টার বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রশাসন ভবনের সামনে ২৪ ঘণ্টা অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে এ কর্মসূচি শুরু করেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে রাবি সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন ‘মঞ্চ ২৪’ নামের একটি ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও। প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছিল।
কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের ‘রাকসু না সিন্ডিকেট, রাকসু রাকসু’, ‘প্রশাসনের কালক্ষেপণ মানবে না শিক্ষাঙ্গন’, ‘আদু, জদু, মধু ভাই, তারা কি আর রাকসু চায়’, ‘হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলে না’, ‘ঘুম ভাঙো, চোখ খোলো, রাকসু কবে হবে সেটা বলো’ এবং ‘রাকসু আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’—এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
অবস্থান কর্মসূচি শুরুর প্রায় নয় ঘণ্টা পর রাত ৭টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্যের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবিদাওয়া শোনা হয় এবং তাদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়। প্রশাসন জানায়, রাকসুর আর্থিক হিসাবের অডিট সম্পন্ন হওয়ার পর পরবর্তী নির্বাচনের আয়োজন শুরু করা হবে।
তবে প্রশাসনের এ আশ্বাসে সন্তুষ্ট হননি আন্দোলনকারীরা। আলোচনা শেষে তারা আবারও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।
বৈঠক শেষে সালাহউদ্দিন আম্মার সাংবাদিকদের বলেন, প্রশাসন যে দুটি বিষয়ের কথা বলছে, ভর্তি পরীক্ষা ও অডিট—এর সঙ্গে পরবর্তী রাকসু নির্বাচনের তপশিল ঘোষণার কোনো সংঘর্ষ নেই। মাত্র ২৩ জনের অডিটের জন্য ৩০ হাজার শিক্ষার্থীর রাকসু আটকে থাকবে, এটা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না। রাকসু চলাকালে দুবার অডিট করার কথা প্রশাসন করেনি, সেই দায় কি আমার? আমি কি বাইরে থেকে মানুষ এনে অডিট করাব, নাকি প্রশাসন করবে?
তিনি আরও বলেন, প্রশাসনের বক্তব্য আমাদের কাছে কোনোভাবেই যৌক্তিক মনে হয়নি। আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ২৪ ঘণ্টা প্রশাসন ভবনের সামনে অবস্থান করব। আমাদের আরও কঠোর অবস্থানে যেতে হলে সে জন্যও আমরা প্রস্তুত আছি।
রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, প্রশাসনের প্রত্যেকটি কথারই কোনো যৌক্তিকতা নেই। এগুলো রাকসু নির্বাচন পেছানোর পাঁয়তারা। তাদের কথায় আমরা কোনোভাবেই কর্মসূচি প্রত্যাহার করব না। আমাদের দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সৌদি বিমানবন্দরে হামলায় ১৯৮টি ফ্লাইট বাতিল
উত্তরায় সিগন্যাল দিতে গিয়ে বাসের ধাক্কায় সুপারভাইজার নিহত
রাবিতে প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণ, ফোনে ছাত্রলীগ সভাপতির ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি