প্রথম সমাচার ডেস্ক:
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীমকে পিটিয়ে হত্যার ঘটনায় কুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলের ধর্মীয় শিক্ষক সাদিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পারুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) কাছের কদবেলতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাদিকুল ইসলাম (৩৪) দেবহাটা উপজেলার কুলিয়া মাঝেরপাড়া গ্রামের আব্দুল মজিদ সানার ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) আহম্মদ আলী জানান, শামীম হত্যা মামলার সন্দেহভাজন আসামি সাদিকুলকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে রোববার (২৯ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।
মামলার বাদী আব্দুল জলিল অভিযোগ করেন, তার ভাইকে মারধর ও মারধরের জন্য লোকজনকে আহ্বান করেছিলেন সাদিকুল। এর প্রমাণ ভিডিও ফুটেজে রয়েছে বলেও তিনি দাবি করেন।
এদিকে আদালত সূত্রে জানা গেছে, এ মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি কামরুল ইসলাম, মোবারক আলী, মিজানুর রহমান, আজাহারুল ইসলাম ও মাসুদ হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। জামিনের মেয়াদ শেষে তাদের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী আবুল কাশেমের মেয়ে মোসলেমা, ছেলে হোসেন আলী ও একই এলাকার মাসুদের মুঠোফোনে ধারণ করা কথোপকথনের সূত্র ধরে ওয়াহেদুজ্জামান শামীমের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। গত ১২ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় জামায়াত কার্যালয়ের সামনে থেকে একদল লোক তার বাড়িতে হামলা চালায়।
পরদিন কুলিয়ার ডা. এমএ সবুরের ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ও পরে পারুলিয়া থেকে মিছিল নিয়ে সখীপুর হাসপাতালে গিয়ে হামলা চালানো হয়। হাসপাতালের পেছনের দরজা ভেঙে পুলিশ, আনসার ও কর্তব্যরত চিকিৎসকের উপস্থিতিতে তাকে মারধর করা হয়। পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শামীমের ভাই আব্দুল জলিল বাদী হয়ে ১৫ অক্টোবর ফজলুল হক আমিনি, যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদু, মোক্তার খান ও আসাদুল মোল্লাসহ ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় ২৫০ জনকে আসামি করে দেবহাটা থানায় হত্যা মামলা করেন।
এ মামলায় ১৫ অক্টোবর রাতে মোক্তার খান, ১৬ অক্টোবর সকালে আসাদুল মোল্লা ও ১৭ অক্টোবর ফজলুল হক আমিনিকে গ্রেফতার করা হয়। পরদিন ফজলুল হক আমিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে সাদিকুল ইসলামকেও গ্রেফতার করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
সূত্র: মূল প্রতিবেদন
