প্রথম সমাচার ডেস্ক:
রাজনৈতিক প্রভাব, মধ্যস্বত্বভোগী, ভূমিকেন্দ্রিক স্বার্থ গোষ্ঠী ও প্রশাসনিক অনানুষ্ঠানিক নেটওয়ার্কের মাধ্যমে বেসরকারি আবাসন খাতে এক ধরনের মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে। এতে নীতিনির্ধারণ ও নিয়ন্ত্রক কাঠামো কার্যত জিম্মি হয়ে পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রেতা ও সাধারণ মানুষ।
বুধবার (২৫ নভেম্বর) ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য ও সুপারিশ তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান ও সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন গবেষণা ও পলিসি বিভাগের প্রাক্তন রিসার্চ ফেলো অতনু দাস।
গবেষণায় উঠে এসেছে, সরকারি ও নিয়ন্ত্রক সংস্থা থেকে অনুমোদন ও ছাড়পত্র পেতে নিয়মবহির্ভূত আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে, যা রিয়েল এস্টেট খাতে ‘স্পিড মানি’ নামে পরিচিত এবং প্রকল্প বাজেটে ‘বিবিধ খরচ’ হিসেবে দেখানো হয়। নিবন্ধন থেকে শুরু করে প্রকল্প বাস্তবায়ন পর্যন্ত পুরো প্রক্রিয়ায় একর প্রতি নিয়মবহির্ভূত ব্যয় ১৬ লাখ ৫০ হাজার থেকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। সে হিসাবে ২৫ একরের একটি আবাসন প্রকল্পে এ খাতে ব্যয় দাঁড়ায় আনুমানিক ৪ কোটি ১২ লাখ থেকে ৯ কোটি ৩৫ লাখ টাকা। নিয়ম মেনে আবেদন জমা দেওয়ার পরও ইচ্ছাকৃতভাবে ফাইল আটকে রেখে বা বিলম্ব ঘটিয়ে অনানুষ্ঠানিক লেনদেনে বাধ্য করারও অভিযোগ আছে।
অন্যদিকে প্লট হস্তান্তরে বিলম্ব, ক্রেতাকে না জানিয়ে একতরফা বরাদ্দ বাতিল এবং অর্থ ফেরত দিতে গড়িমসি বা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উন্নয়ন, সার্ভিস ও ইউটিলিটি চার্জসহ বিভিন্ন খাতে প্লট হস্তান্তর পর্যন্ত একজন ক্রেতাকে মূল দামের বাইরে কাঠাপ্রতি প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ গুনতে হয়; আধুনিক ও বিলাসবহুল প্রকল্পে এই চাপ আরও বেশি।
প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই কৃষিজমি, খাসজমি, নদীসংলগ্ন জমি ও নবাব এস্টেটের জমি নামমাত্র মূল্যে বা জোরপূর্বক দখল করে প্রকল্প সম্প্রসারণ করা হয়। অনেক ক্ষেত্রে জমির মালিককে প্রতিশ্রুত অর্থ না দিয়ে বা আংশিক দিয়ে মূল দলিল নেওয়ার অভিযোগও রয়েছে। প্রভাবশালী রাজনীতিবিদ, দলীয় নেতা বা তাদের নিকটাত্মীয়দের পরিচালনা পর্ষদে যুক্ত করে নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে রাজনৈতিক ও আইনি সুরক্ষা নেওয়া হয়, আর রাজনৈতিক পটপরিবর্তনের পর মালিকানা বদলালেও বিধি-বিধান উপেক্ষার ধারা থাকে।
অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুবিধা বহাল রাখতে রিহ্যাব বিনিয়োগ, কর্মসংস্থান, রাজস্ব বৃদ্ধি ও অর্থ পাচার রোধের যুক্তিতে জনমত ও নীতি-সমর্থন তৈরির চেষ্টা করে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। আইনি ফাঁকফোকরের প্রসঙ্গে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫(৭)-এর কথা তুলে ধরে বলা হয়, নিবন্ধন নবায়নে পূর্ববর্তী প্রতারণা, অনিয়ম বা চুক্তি লঙ্ঘনের বিষয় বিবেচনায় নেওয়ার বাধ্যবাধকতা না থাকায় অনিয়মে জড়িত প্রতিষ্ঠানগুলো সহজেই বৈধতা ধরে রাখতে পারে।
এ ছাড়া ড্যাপ সংশোধনে আবাসন ব্যবসায়ীদের প্রভাবের চিত্র তুলে ধরে বলা হয়, ২০১০-২০১৮ সালে ড্যাপ ১৫৮ বার সংশোধন করা হয়। ২০২২ সালে ড্যাপ (২০২২-২০৩৫) প্রণয়নের এক বছরের মধ্যেই পরিবর্তনের জন্য অন্তত চারবার দাপ্তরিক উদ্যোগ নেওয়া হয় এবং দুবার বড় ধরনের সংশোধনী গেজেট প্রকাশিত হয়; কারিগরি সুপারিশ ছাড়াই ভবনের উচ্চতা ও ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) বাড়ানো হয় এবং সংরক্ষিত জলাভূমি ও বন্যা প্রবাহ অঞ্চলকে আবাসন যোগ্য করা হয়। গণমাধ্যমে স্বার্থবিরোধী সংবাদ প্রকাশে বাধা, চাপ, ভয়ভীতি বা হেনস্তার পাশাপাশি প্রতিবেদন না ছাপতে অনৈতিক সুবিধা বা প্লটের প্রলোভন দেওয়ার অভিযোগও উঠে এসেছে।
গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ কোম্পানির প্রয়োজনীয় জনবল, নির্ধারিত জমি ও অবকাঠামো নেই; অনুমোদনহীন প্রকল্প ও একচেটিয়া আধিপত্য নিয়ন্ত্রণে রিহ্যাব ও বিএলডিএ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। অন্যদিকে রাজউক, জেলা প্রশাসকের কার্যালয়, পরিবেশ অধিদপ্তর, ওয়াসা ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের জনবল সংকটে তদারকি ব্যাহত হচ্ছে।
সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান বলেন, আবাসন খাতে অপশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারকে নেতৃত্ব দিতে হবে, অংশীজনদের নিয়ে রোডম্যাপ তৈরি করতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ও পরিবেশ দিতে হবে। অনিয়মে জড়িতদের জবাবদিহির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তিনি।
খাতটির সংস্কারে টিআইবি মোট ১৩টি সুপারিশ দিয়েছে। এর মধ্যে রয়েছে-রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ সংশোধন; বার্ষিক অডিট ও আর্থিক তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা; ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০১২ ও ২০১৫) সংশোধন; ইআইএ-এর পূর্ণাঙ্গ ডাটাবেজ ও টিআইএ গাইডলাইন প্রণয়ন; বিজ্ঞাপনে প্লট মূল্যের পাশাপাশি উন্নয়ন ফি, ইউটিলিটি চার্জ ও রিফান্ড নীতি স্পষ্ট করা; অনুমোদন ও ছাড়পত্র ছাড়া বিজ্ঞাপন প্রচারে ডেভেলপার ও প্রচারমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা; সব আর্থিক লেনদেন ব্যাংকিং চ্যানেলে ও নিরীক্ষার আওতায় আনা এবং অবৈধ ভূমি বা জলাশয় দখলে জড়িত কোম্পানি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক প্রভাবশালী ও মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া। পাশাপাশি রাজউক, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের নিয়ে ‘আন্তঃসংস্থা সমন্বয় প্ল্যাটফর্ম’, বাজার তদারকিতে সমন্বিত প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গ্রাহকের অভিযোগ নিষ্পত্তিতে ‘স্বাধীন অভিযোগ নিষ্পত্তি বোর্ড’ গঠনের সুপারিশ করেছে সংস্থাটি।
সূত্র: মূল প্রতিবেদন

নতুন বই উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী, স্বপ্ন পূরণে পাশে -মানুষরতন