শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×
শিক্ষকের প্রতি ডাকসু কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমার ক্ষোভ ও তীব্র প্রতিক্রিয়া

‘পাড়ার গুণ্ডা-মাস্তানের মতো কথা আপনার মুখে মানায় না’

প্রথম সমাচার ডেস্ক ০৬ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা এক ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে হুমকিমূলক আচরণের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিক্ষকের প্রতি সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

শনিবার দেওয়া ওই পোস্টে সর্ব মিত্র চাকমা দাবি করেন, ডাকসুর ক্রীড়া সম্পাদক বিশ্ববিদ্যালয়ের একটি প্রশাসনিক কাজে সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে বিদায়ের সময় ওই শিক্ষক তার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন এবং দেখা করতে পাঠানোর কথা বলেন।

পোস্টে সর্ব মিত্র চাকমা লেখেন, ভুলে যাবেন না, আপনি একজন শিক্ষক। পাড়ার গুণ্ডা-মাস্তানের মতো কথা আপনার মুখে মানায় না। বয়স হয়েছে অনেক, নিজের অবস্থান ও মর্যাদা বিবেচনা করুন। হাঁটুর বয়সী ছেলেদের সঙ্গে এমন আচরণ শোভা পায় না।

তিনি আরও দাবি করেন, সম্প্রতি শনিবারে বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল, যার বিরোধিতা করা হয়েছিল বলে তিনি মনে করেন। এ কারণেই তার প্রতি ক্ষোভ প্রকাশ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে সর্ব মিত্র চাকমা বর্ণবৈষম্যের বিষয়টিও উল্লেখ করে বলেন, একজন শিক্ষক হিসেবে সবার প্রতি সমান সম্মান প্রদর্শন করা উচিত এবং জাতিগত পরিচয়কে কেন্দ্র করে কোনো ধরনের বৈষম্যমূলক মনোভাব গ্রহণযোগ্য নয়।

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে বিষয়টির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে এবং বিশ্ববিদ্যালয় অঙ্গনে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...