শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×

অপহরণের ২৩ ঘণ্টা পর লাকসাম থেকে উদ্ধার কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা জিসান

প্রথম সমাচার ডেস্ক ১২ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

কুমিল্লার দাউদকান্দি থেকে নিখোঁজ হওয়ার প্রায় ২৩ ঘণ্টা পর কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা জিসান প্রধানকে লাকসাম থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) রাতে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জিসানের বড় ভাই অ্যাডভোকেট রাসেল রাফি জানান, অপহরণকারীরা তাকে লাকসাম এলাকায় ফেলে রেখে যায়। উদ্ধার করার সময় তার শারীরিক অবস্থা গুরুতর ছিল বলে তিনি দাবি করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঢাকা থেকে নিজ বাড়ি দাউদকান্দি উপজেলার বিরবাগগোয়ালী গ্রামে ফিরছিলেন জিসান। পথে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর পরিবারের সঙ্গে শেষবার যোগাযোগ হয়। রাত ৮টার দিকে তিনি বাবাকে ফোন করে জানান, তিনি দাউদকান্দিতে পৌঁছেছেন এবং অল্প সময়ের মধ্যেই বাড়িতে ফিরবেন।

তবে রাত ৮টা ২৯ মিনিটের পর থেকে তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বর আর সক্রিয় দেখা যায়নি। পরবর্তীতে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং ফেসবুক অ্যাকাউন্টও অকার্যকর হয়ে যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।

দাউদকান্দি-চান্দিনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, লাকসাম রেলওয়ে স্টেশন এলাকা থেকে জিসানকে উদ্ধার করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...