রোববার, ১৪ জুন ২০২৬
Logo
×

আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম সমাচার ডেস্ক ১৪ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দাবি করেছেন, আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্স রক্ষার জন্য কোটি কোটি টাকা নিয়ে তার পেছনে ঘুরেছে। তবে তিনি কোনো অনিয়মের সঙ্গে আপস না করে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন বলে জানান।

শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার পাইলট প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে। এ প্রকল্পের আওতায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করবেন। প্রয়োজন হলে তবেই রোগীকে হাসপাতালে পাঠানো হবে। এর মাধ্যমে চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিগত সরকারের সময় দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং দল-মত নির্বিশেষে জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকারি সেবা পেতে এখন ঘুষের প্রয়োজন নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সবাইকে দুর্নীতিমুক্ত থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। তিনি দাবি করেন, আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্স বাতিল ঠেকাতে কোটি কোটি টাকা নিয়ে তার কাছে এসেছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন এবং লাইসেন্স বাতিল করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক নেতা বর্তমানে আদ-দ্বীন হাসপাতালের পক্ষে অবস্থান নিচ্ছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, চীনের সহযোগিতায় দেশে তিন হাজার শয্যাবিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব হাসপাতালে নারী ও শিশুদের জন্য উন্নত চিকিৎসাসেবার বিশেষ ব্যবস্থা রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...