লাদাখের শিক্ষাবিদ ও জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও ডা. জিতেন্দ্র সিংয়ের উদ্দেশে এক চিঠিতে তাঁর অনশন প্রত্যাহারের শর্তাবলি তুলে ধরেছেন।
মঙ্গলবার রাতে হাসপাতালে তাঁকে দেখতে যাওয়া এই দুই মন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে বুধবার লেখা এই চিঠিতে তিনি জানান, আলোচনার সময় মন্ত্রীরা তাঁকে আশ্বস্ত করেছিলেন যে সরকার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ বিবেচনাসহ জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদে অর্থবহ আলোচনার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।
চিঠিতে ওয়াংচুক ২০ জুলাই অনুষ্ঠিত “চলো সংসদ” পদযাত্রার প্রসঙ্গ টেনে বলেন, পুলিশের অতিরিক্ত ও অসামঞ্জস্যপূর্ণ শক্তি প্রয়োগ সত্ত্বেও এই কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং গোটা দেশ ও বিশ্ব আন্দোলনকারীদের ধৈর্য ও গণতান্ত্রিক প্রতিবাদের প্রতি অঙ্গীকার প্রত্যক্ষ করেছে।
তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি এই আস্থা যেন অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো আইনি মামলা, হয়রানি বা প্রতিহিংসামূলক পদক্ষেপের মাধ্যমে আরও ক্ষুণ্ন না হয়।
তিনি জানান, মন্ত্রীদের সফরের পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৬৫ জন সংসদ সদস্য তাঁকে চিঠি লিখেছেন, তাঁদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যে সাক্ষাৎ করেছেন এবং বাকিরা সন্ধ্যায় আসার কথা রয়েছে।
তাঁরা সবাই তাঁকে অনশন ভাঙার আহ্বান জানিয়ে স্মরণ করিয়ে দিয়েছেন যে জাতির সেবায় তাঁর এখনও অনেক কাজ বাকি। এ প্রসঙ্গে ওয়াংচুক লেখেন, তিনি বাঁচতে চান, তাঁর শিক্ষার্থীদের কাছে, শিক্ষার কাজে ফিরতে চান, তবে যে তরুণদের জন্য এই আন্দোলন শুরু হয়েছিল তাদের মূল্যে তা করতে পারবেন না।
তাই তিনি সরকারের কাছে সুস্পষ্ট আশ্বাস দাবি করেছেন যে আন্দোলনে অংশ নেওয়া কোনো তরুণ প্রতিবাদকারীর বিরুদ্ধে শাস্তিমূলক বা প্রতিশোধমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে না, কারণ ন্যায্য ও জবাবদিহিমূলক শিক্ষাব্যবস্থার দাবিতে কণ্ঠস্বর তোলাই ছিল তাদের একমাত্র “অপরাধ”।
তিনি স্পষ্ট করেন, এমন আশ্বাস পেলে তিনি বিশ্বাস নিয়ে অনশন ভাঙবেন যে সরকার শুধু তাঁর আবেদনই নয়, বরং লাখো তরুণ ভারতীয়র আকাঙ্ক্ষাও শুনেছে। তবে এমন আশ্বাস না পেলে তিনি অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যেতে বাধ্য হবেন এবং আন্দোলন দমনে পুলিশি শক্তির অতিরিক্ত ব্যবহার বন্ধেরও আহ্বান জানান।
চিঠির শেষাংশে তিনি লেখেন, গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করে না এর সঙ্গে একমত পোষণকারীদের প্রতি আচরণের ওপর, বরং সাহস, আশা ও দৃঢ় বিশ্বাস নিয়ে কথা বলার সাহস দেখানো তরুণ নাগরিকদের প্রতি এটি কীভাবে আচরণ করে তার ওপর।
