১৩ বছর বয়সেই ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছেন ভারতীয় বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নেমে তিনি যেমন রেকর্ড গড়েছেন, তেমনি জন্ম দিয়েছেন এক আইনি বিতর্কের। সম্প্রতি ভারতের একজন সমাজকর্মী বৈভবের আইপিএলে অংশগ্রহণকে ‘শিশুশ্রম’ হিসেবে অভিহিত করে বিসিসিআই এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
অভিযোগকারীর মতে, ১৩ বছর ১১ মাস বয়সী একটি শিশুর পক্ষে আইপিএলের মতো উচ্চ-চাপের পেশাদার টুর্নামেন্টে অংশ নেওয়া ঝুঁকিপূর্ণ। তার দাবি, এত অল্প বয়সে বাণিজ্যিক ও পেশাদার চুক্তির আওতায় কাজ করা শিশুশ্রম আইনের পরিপন্থী হতে পারে। এছাড়া পূর্ণবয়স্ক ক্রিকেটারদের সাথে তীব্র প্রতিযোগিতামূলক ম্যাচে অংশগ্রহণ শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
বিতর্ক থাকলেও মাঠের পারফরম্যান্সে বৈভব নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল অভিষেকের আগে তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। বিশ্বকাপের ফাইনালে মাত্র ৮০ বলে ১৭৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে তিনি ভারতকে শিরোপা জেতান এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও নিজের করে নেন। এর আগে ঘরোয়া ক্রিকেটে বিহারের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লিস্ট ‘এ’ সেঞ্চুরি করার রেকর্ডও গড়েন তিনি।
বর্তমানে এই কিশোর প্রতিভার আইপিএলে খেলা নিয়ে ক্রীড়া ও আইনি মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে তার অবিশ্বাস্য প্রতিভাকে বিশ্বমঞ্চে স্বাগত জানানো হচ্ছে, অন্যদিকে বয়সের কারণে এটি আইনি জটিলতায় রূপ নেওয়ায় আইপিএলে খেলোয়াড়দের ন্যূনতম বয়সসীমা নির্ধারণের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। রাজস্থান রয়্যালস বা বিসিসিআই এখনো এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
