ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনও প্লে-অফের সম্ভাবনা জিইয়ে রেখেছে চেন্নাই সুপার কিংস। এখনও বাকি কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এমতাবস্থায় বড় ধাক্কা খেল ফ্র্যাঞ্চাইজিটি। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ইংলিশ অলরাউন্ডার জেমি ওভারটন। তার পরিবর্তে প্রোটিয়া তরুণ অলরাউন্ডার ডিয়ান ফরেস্টারকে দলে ভিড়িয়েছে চেন্নাই।
চলতি মৌসুমে দারুণ ফর্মে ছিলেন জেমি ওভারটন। প্রথম ১১ ম্যাচের মধ্যে ১০টিতেই মাঠে নেমে তিনি ১৪টি উইকেট শিকার করেছিলেন তিনি। ব্যাট হাতেও দলকে সহায়তা করেছেন তিনি। তবে ডান ঊরুর চোটের কারণে তার এই আসর এখানেই শেষ হয়ে গেল।
২৫ বছর বয়সী ডিয়ান ফরেস্টার একজন বাঁহাতি ব্যাটার এবং ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার। চলতি বছরের মার্চে নিউজিল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকার হয়ে তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক হয়। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নজর কেড়েছেন তার সাম্প্রতিক পারফরম্যান্স।
পিএসএলের গেল মৌসুমে রাওয়ালপিন্ডির হয়ে ৬ ইনিংসে ১৭১.৪২ স্ট্রাইক রেটে ১৩২ রান করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার লিগে জোহানেসবার্গ সুপার কিংসের হয়ে ১৬৫.০৯ স্ট্রাইক রেটে করেছেন ১৭৫ রান। এমআই কেপ টাউনের বিপক্ষে তার ৪২ বলে অপরাজিত ৮০ রানের বিধ্বংসী ইনিংসটি ছিল চোখে পড়ার মতো।
আইপিএলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। আগামীকাল শুক্রবার লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে হলুদ জার্সিতে দেখা যেতে পারে ফরেস্টারকে।
