ইরানের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে যুক্তরাষ্ট্রের সিনেটে আবারও উদ্যোগ নিয়েছে ডেমোক্র্যাটরা। এ লক্ষ্যে চলতি সপ্তাহে অষ্টমবারের মতো ‘ওয়ার পাওয়ারস রেজুলেশন’ বা যুদ্ধ ক্ষমতা প্রস্তাবের ওপর ভোট আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিনেট ডেমোক্র্যাটরা ইরানের সঙ্গে চলমান শত্রুতা থেকে মার্কিন সেনাদের প্রত্যাহারের লক্ষ্যে আবারও যুদ্ধ ক্ষমতা প্রস্তাবের ওপর ভোটে যেতে বাধ্য করছেন।
চাক শুমার রিপাবলিকান সিনেটরদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই প্রস্তাব পাসের মাধ্যমে যুদ্ধ বন্ধ করতে হবে এবং মার্কিন সেনাদের ঝুঁকির বাইরে নিয়ে আসতে হবে।
মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কংগ্রেসের হাতে রয়েছে, প্রেসিডেন্টের হাতে নয়। তবে সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপ নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ডেমোক্র্যাট নেতাদের দাবি, কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতে জড়ানো সাংবিধানিক সীমার বাইরে চলে যেতে পারে।
সূত্র: আল জাজিরা
