২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার উপস্থিতি। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার চেহারা ও উপস্থিতি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করেন কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা ও নাইজেরিয়ান তারকা বার্না বয়। তবে পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় এসেছে শাকিরার নতুন লুক, যা অনেক ভক্তকেই বিস্মিত করেছে।
অনুষ্ঠানে তাকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন সাজে। সোনালি চুলের পরিবর্তে হালকা লালচে রঙের চুল, বড় কালো সানগ্লাস এবং নতুন ধরনের স্টাইলিংয়ের কারণে অনেকের কাছেই তিনি অপরিচিত মনে হয়েছে। এ থেকেই সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে মঞ্চে উপস্থিত ব্যক্তি হয়তো শাকিরা নন, বরং তার কোনো ‘বডি ডাবল’ বা রূপধারী।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা মন্তব্য দেখা গেছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, পারফরমারটির মুখাবয়ব, চোখের অভিব্যক্তি এবং মঞ্চে চলাফেরার ধরন শাকিরার পরিচিত স্টাইলের সঙ্গে পুরোপুরি মিলছে না। আবার অনেকে এসব মন্তব্যকে নিছক জল্পনা-কল্পনা বলেও উড়িয়ে দিয়েছেন।
তবে এ ধরনের দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। শাকিরা কিংবা আয়োজকদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
এদিকে ব্যক্তিগত জীবনের কঠিন সময় পেরিয়ে এটি ছিল শাকিরার অন্যতম বড় আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, জীবনের প্রতিকূল অভিজ্ঞতাগুলোই তাকে আরও শক্তিশালী করে তুলেছে। তার ভাষায়, প্রতিটি কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে নতুন কিছু শেখার সুযোগ।
সব মিলিয়ে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার পারফরম্যান্স যেমন দর্শকদের বিনোদন দিয়েছে, তেমনি তার নতুন রূপও ভক্তদের মধ্যে তৈরি করেছে ব্যাপক কৌতূহল ও বিতর্ক।
