বগুড়া থেকে চার লাখ পঁচিশ হাজার টাকায় কেনা দুটি গাভি ও দুটি বাছুর নিয়ে চম্পট দিয়েছে ট্রাকচালক এবং গরুর দালাল চক্র। শুধু গরুই নয়, ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকাও হাতিয়ে নিয়েছে তারা।
গত ২৪ মে (রোববার) ভোররাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর থানাধীন বাওয়ারকুমারজানী এলাকায় এই অভিনব চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কালাম মোল্লা মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন পাইনাদী নতুন মহল্লার বাসিন্দা কালাম মোল্লা (৬০) এবং তার খালু মো. জামান (৫০) গত ২৪ মে বগুড়ার শিবগঞ্জ হাটে যান। সেখানে মশিউর ও হামিদুর রহমান নামের দুই গরুর দালালের মাধ্যমে ৪ লাখ ২৫ হাজার টাকা দিয়ে দুটি গাভি ও দুটি বাছুর কেনেন তারা। এরপর একটি ট্রাক ভাড়া করে গরুগুলো নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
ভোর আনুমানিক ৪টার দিকে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের বাওয়ারকুমারজানী এলাকায় পৌঁছালে নাটকের সূত্রপাত হয়।
অভিযুক্ত দালাল মশিউর খাবার খাওয়ার কথা বলে কালাম মোল্লা ও তার খালুকে ট্রাক থেকে নামিয়ে সড়কের পাশের একটি হোটেলে নিয়ে যায়। তারা হোটেলে প্রবেশ করার পর, সেই সুযোগে ট্রাকে থাকা ৪টি গরু ও কেবিনে রাখা নগদ ১৫ হাজার টাকা নিয়ে চালক ও দালাল চক্র দ্রুত গাড়ি টান দিয়ে পালিয়ে যায়।
হঠাৎ চোখের সামনে থেকে গরুসহ ট্রাক উধাও হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েন কালাম মোল্লা ও তার আত্মীয়। পরে তারা স্থানীয় মির্জাপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দেন।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, গরু চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। অভিযুক্তদের সনাক্ত ও গরুগুলো উদ্ধারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
