সড়কে গাড়ি থামিয়ে অবৈধভাবে চাঁদা আদায়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে জেলা কোচ, বাস ও মিনিবাস পরিবহন শ্রমিকরা।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে জেলা শহর থেকে দূরপাল্লাসহ সকল আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এই অচলাবস্থা তৈরি হয়েছে। ট্রাক শ্রমিক ইউনিয়নের দাবি, মোটর শ্রমিক ইউনিয়নের একটি পক্ষ হরিপুর এলাকায় অবৈধভাবে চাঁদা আদায় করছে এবং চাঁদা না দিলে শ্রমিকদের মারধর করা হচ্ছে। যদিও মোটর শ্রমিক ইউনিয়নের দাবি তারা নিয়ম মেনেই চাঁদা তুলছে।
এ বিষয়ে জেলা কোচ, বাস ও মিনিবাস পরিবহন ইউনিয়নের সভাপতি রেজাউল করিম বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বাস থামিয়ে বেআইনিভাবে চাঁদা আদায় করা হচ্ছে, যা সরাসরি সড়ক পরিবহন আইনের লঙ্ঘন। আমরা এই অবৈধ চাঁদাবাজির বিষয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ জানিয়েছি।
এই অভিযোগের বিষয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত বলেন, আমরা নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করছি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, পুলিশ উভয় পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক করলেও শ্রমিক সংগঠনগুলোর অনড় অবস্থানের কারণে সমাধান হয়নি। তবে সড়কে যে কোনো ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
