শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Logo
×

ছিনতাইয়ের সময় যুবককে কুপিয়ে জখম

প্রথম সমাচার ডেস্ক ২৪ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন

মাদারীপুরে ছিনতাইয়ের সময় যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে  অভিযুক্তরা। এসময় তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে সদর উপজেলার তালুকদার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাগর মৃধা (২২) চর খাগদী এলাকার বাসিন্দা।

ভোক্তভোগীর বরাত দিয়ে মাদারীপুর থানার সহকারী উপপরিদর্শক  (এএসআই) আব্দুর রাজ্জাক জানান, বৃহস্পতিবার সাগর মৃধা দেড় লাখ টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে তালুকদার ব্রিজ এলাকায় পৌঁছালে পূর্বপরিচিত কয়েকজন তার পথরোধ করে। এ সময় আকাশ কাজী নামে এক ব্যক্তি তার কাছে ৫ হাজার টাকা ধার চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে আকাশ কাজী তার সহযোগী ছোটন ও ইসমাইলকে নিয়ে সংঘবদ্ধভাবে সাগর মৃধার ওপর হামলা চালায়। তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে তার কাছে থাকা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাগর মৃধাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...