সোমবার, ২৫ মে ২০২৬
Logo
×

জলাবদ্ধতায় বেঞ্চে পা তুলে বসে পরীক্ষা দিল এসএসসি শিক্ষার্থীরা

প্রথম সমাচার ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

কুমিল্লায় টানা বৃষ্টির মধ্যে এসএসসি পরীক্ষাকেন্দ্রে ভয়াবহ জলাবদ্ধতায় হাঁটু পানিতে দাঁড়িয়ে এবং বেঞ্চে পা তুলে পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) কুমিল্লা নগরীর ইশ্বর পাঠশালা কেন্দ্রে এ অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়।

চতুর্থ দিনের পরীক্ষা চলাকালে দুপুরের দিকে শুরু হওয়া অঝোর বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের কারণে কেন্দ্রের শ্রেণিকক্ষ ও মাঠ পানিতে তলিয়ে যায়। এতে পরীক্ষার স্বাভাবিক পরিবেশ ভেঙে পড়ে এবং চরম দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালেই পানি ঢুকে পড়ায় শিক্ষার্থীদের কেউ বেঞ্চের ওপর পা তুলে, কেউ আবার পানির মধ্যেই দাঁড়িয়ে পরীক্ষা দেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে কেন্দ্রে মোমবাতি ও চার্জিং লাইট ব্যবহার করা হয়।

অভিভাবকরা বলেন, বৃষ্টির পানি মাটির সঙ্গে মিশে নোংরা হয়ে যায়, যা স্বাস্থ্যঝুঁকিও তৈরি করে। কিন্তু কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই শিক্ষার্থীদের ওই অবস্থায় পরীক্ষা দিতে হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন বলেন, পরীক্ষার্থীদের এমন পরিস্থিতিতে পরীক্ষা দেওয়া অত্যন্ত দুঃখজনক। বৃষ্টিতে শহরের অনেক অংশই ডুবে যায়, মূল সমস্যা হলো ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা। জনপ্রতিনিধিদের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

স্থানীয়রা অভিযোগ করেন, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও ময়লা জমে থাকা কারণে সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়, যা জনদুর্ভোগ বাড়াচ্ছে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, আগের সময়গুলোতে উন্নয়নের নামে বড় অঙ্কের অর্থ ব্যয় হলেও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। তবে নতুন করে খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...