ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ছাত্রশিবিরের এক কর্মীকে মারধর করেছেন সংগঠনটির এক নেতা।
শনিবার (৩০ মে) রাত ১১টার দিকে কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের আমেরিকা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
মারধরের শিকার শিবিরকর্মী হাসিবুল ইসলাম কোটচাঁদপুর উপজেলার জগদীশপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
হাসিবুল ইসলাম জানান, কোটচাঁদপুর থানা ছাত্র শিবিরের সভাপতি সিয়াম হোসেন ও গালিব নামে আরেক ব্যক্তি তাকে ডেকে নেন। এক তরুণীর সঙ্গে ফোনে কথা বলার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিষয়টি স্বীকার করলে তাকে মারধর করা হয়।
এ বিষয়ে কোটচাঁদপুর থানা ছাত্র শিবিরের সভাপতি সিয়াম হোসেন বলেন, আমরা নিজেরা বসে মীমাংসা করে নিয়েছি। কোনো সমস্যা নেই। এটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না।
তবে হাসিবুল ইসলামের চাচা আসাদুল ইসলাম জানান, ঘটনার পর তারা থানায় মৌখিক অভিযোগ করেছিলেন। পরে সংগঠনের নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের সমন্বয়ে মীমাংসা করা হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
