রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

নাটোরে রশি ফেলে পথরোধ, মোটরসাইকেল ভাঙচুর ও মারধরের অভিযোগ

প্রথম সমাচার ডেস্ক ০৫ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ভোরবেলা রাস্তায় রশি টানিয়ে এক ব্যক্তির পথরোধ করে মারধর, মোটরসাইকেল ভাঙচুর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার সকাল আনুমানিক ৫টার দিকে উপজেলার মশিন্দা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

অভিযোগকারী কালাম জানান, তিনি দৌগাছি গ্রাম থেকে গোধড়া বাজারের একটি গোশতের দোকানে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন। পথে মশিন্দা এলাকায় পৌঁছালে সড়কের ওপর টানানো রশির কারণে তার মোটরসাইকেলের গতি থেমে যায়। এ সময় কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়, মোটরসাইকেল ভাঙচুর করে এবং তার কাছে থাকা প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যায় বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় কয়েন বাজারের গোশতের দোকানদার ফারুক ও মামুনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আহত কালাম। তার ভাষ্য, তিনি পূর্বে ফারুকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। সেখান থেকে চাকরি ছেড়ে আসার পর থেকেই তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছিল। সেই পূর্ব বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে তার সন্দেহ।

হামলার পর স্থানীয়রা আহত অবস্থায় কালামকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ফারুক দাবি করেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...