রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

নারায়ণগঞ্জে আলোচনায় ‘নেতানিয়াহু’

প্রথম সমাচার ডেস্ক ১৪ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার একটি খামারে দেখা মিলেছে ব্যতিক্রমধর্মী এক অ্যালবিনো মহিষের। আচরণ ও চেহারার বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে খামার কর্তৃপক্ষ মহিষটির নাম রেখেছেন ‘নেতানিয়াহু’। কোরবানির ঈদকে সামনে রেখে ইতোমধ্যে মহিষটি ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

‘এস এস ক্যাটেল ফার্ম’-এ থাকা এই মহিষটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খামারিদের দাবি, মহিষটির স্বভাব বেশ আক্রমণাত্মক। কেউ সামনে গেলেই শিং নাড়িয়ে তেড়ে আসে এবং ফোঁস ফোঁস শব্দ করে। এমনকি যারা নিয়মিত তাকে খাবার দেয় ও পরিচর্যা করে, তাদের প্রতিও মাঝে মাঝে আক্রমণাত্মক আচরণ করে।

খামার সূত্রে জানা যায়, অ্যালবিনো জাতের এই মহিষটির ওজন প্রায় ৭৫০ কেজির বেশি। এর চোখ, চুলের ধরন ও আক্রমণাত্মক আচরণের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মিল রয়েছে বলে মনে করায় এমন নামকরণ করা হয়েছে।

দর্শনার্থীদের অনেকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মহিষটি দেখতে তারা খামারে আসছেন। তাদের ভাষ্য, মহিষটির আচরণ অন্য সাধারণ মহিষের তুলনায় অনেকটাই ভিন্ন।

খামার কর্তৃপক্ষ আরও জানায়, মহিষটির জন্য বিশেষ খাদ্যতালিকা অনুসরণ করা হয়। ঘাস, ভুসি ও বিভিন্ন পুষ্টিকর খাবারের পাশাপাশি দিনে দুইবার গোসল করানো হয়। তবে স্বভাব কিছুটা খিটখিটে হওয়ায় রাখালদের সতর্ক থেকেই এর দেখাশোনা করতে হয়।

এস এস ক্যাটেল ফার্মের ব্যবস্থাপক মেহেদি জানান, তাদের খামারে একই জাতের আরও কয়েকটি মহিষ রয়েছে। সেগুলোরও আচরণ প্রায় একই ধরনের হওয়ায় ধারাবাহিকভাবে ‘নেতানিয়াহু-ওয়ান’ থেকে ‘নেতানিয়াহু-সিক্স’ পর্যন্ত নাম রাখা হয়েছে।

কোরবানির ঈদ ঘিরে ব্যতিক্রমধর্মী এই মহিষগুলো এখন স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...