শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Logo
×

বাইনজা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে দুই দিনব্যাপী বৈশাখী মেলা ১৪৩৩

নেত্রকোনা প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বাইনজা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী বৃহৎ ও বর্ণাঢ্য বৈশাখী মেলা। আগামী ১৩ ও ১৪ এপ্রিল (সোমবার ও মঙ্গলবার) আয়োজিত এ উৎসবকে ঘিরে স্থানীয়দের মাঝে বইছে আনন্দের আমেজ।

আয়োজকরা জানান, মেলার প্রথম দিন ১৩ এপ্রিল সারাদিনব্যাপী থাকবে বিভিন্ন স্টল, গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য, খেলাধুলা ও বিনোদনের আয়োজন। দ্বিতীয় দিন ১৪ এপ্রিল সকাল ৭টা ৩০ মিনিটে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত থাকবে পান্তা-ইলিশ খাওয়ার বিশেষ আয়োজন, যা বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রতীক।

এরপর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বৃত্তি কার্যক্রম। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণ করবে বাইনজা উচ্চ বিদ্যালয়, বাইনজা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাইনজা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।

বাইনজা হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব শাহজাহান কবীর বলেন, “বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করতেই এই আয়োজন।”

সাধারণ সম্পাদক নুরুল কাদের জানান, “এটি শুধু একটি মেলা নয়, বরং একটি মিলনমেলা—যেখানে সকল শ্রেণি-পেশার মানুষ একসাথে নববর্ষ উদযাপন করবে।”

প্রধান উপদেষ্টা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রৌফরুল ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক চর্চা বাড়ায় এবং তাদেরকে শিকড়ের সঙ্গে সংযুক্ত রাখে। আমরা আশা করছি, সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল ও প্রাণবন্ত হবে।”

আয়োজক কমিটি সকলকে সপরিবারে উপস্থিত থেকে বাংলা নববর্ষের এই আনন্দঘন উৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...