বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালকে দেখে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন সাকিব আল হাসান। তার মতে, সাবেক এই অধিনায়ক যদি নির্বাচিত হয়ে দীর্ঘমেয়াদে বোর্ডের নেতৃত্বে আসেন, তাহলে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে।
সম্প্রতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন তামিম। বর্তমান কমিটির প্রধান কাজ আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা। শোনা যাচ্ছে, নির্বাচনের আগে দায়িত্ব ছেড়ে ভোটে অংশ নিতে পারেন তামিম, যেখানে সভাপতি পদেও লড়াইয়ের সম্ভাবনা আছে তার।
তামিমের সম্ভাব্য দীর্ঘমেয়াদি ভূমিকা নিয়ে সাকিব বলেন, ‘তামিম এখন নির্বাচিত হয়ে আসেননি, তাকে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে তিনি যদি নির্বাচিত হয়ে সভাপতি হন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে লাভবান হবে বলে মনে করি।’
বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও আশাবাদী সাকিব। তার মতে, দল এখন ভালো ছন্দে আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক জয় এবং টি-টোয়েন্টিতে সাফল্য সেই উন্নতিরই ইঙ্গিত।
সাকিবের পর্যবেক্ষণ, বাংলাদেশ দল আগে অনেক সময় ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর বেশি নির্ভর করত। এখন সেই জায়গা বদলাচ্ছে। দল হিসেবে সবাই অবদান রাখছে, যা ভবিষ্যতের জন্য ইতিবাচক লক্ষণ।
দেশের ক্রিকেটের সম্ভাবনা নিয়েও আশাবাদী এই অলরাউন্ডার। তিনি মনে করেন, নতুন প্রজন্মের অনেক ক্রিকেটার নিজেদের সামর্থ্যের আভাস দিচ্ছেন। একই সঙ্গে দলে অভিজ্ঞ ক্রিকেটাররাও আছেন। এই ভারসাম্য বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারে।
এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের না খেলার সিদ্ধান্তকেও ভুল বলেছেন সাকিব। তার মতে, এমন বৈশ্বিক আসর থেকে দূরে থাকা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি।
সাকিব বলেন, ক্রিকেট বাংলাদেশের মানুষের আবেগের জায়গা। বিশ্বকাপে দেশের দলকে খেলতে দেখা খেলোয়াড়, সমর্থক ও পুরো ক্রিকেট সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ। তাই এমন টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত দেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর হয়েছে বলে মনে করেন তিনি।
