রোববার, ২৪ মে ২০২৬
Logo
×

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শঙ্কা, বাতিল বিশ্বের বৃহত্তম সামরিক বিমান প্রদর্শনী

প্রথম সমাচার ডেস্ক ২৩ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে পুনরায় বড় ধরনের সংঘাত শুরুর আশঙ্কার মধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক বিমান প্রদর্শনী ‘রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু’।

আয়োজকরা জানিয়েছেন, চলমান আঞ্চলিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত অনিশ্চয়তার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছরের জুলাই মাসে যুক্তরাজ্যের রয়্যাল বিমান বাহিনীর ফেয়ারফোর্ড ঘাঁটিতে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে থাকে।

বিশেষজ্ঞদের মতে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রেক্ষাপটে ঘাঁটিটির কৌশলগত গুরুত্ব বেড়েছে। এর আগে ইরানে হামলার সময় মার্কিন কৌশলগত বোমারু বিমানগুলো ফেয়ারফোর্ড ঘাঁটিকে অস্থায়ী প্রস্তুতি কেন্দ্র হিসেবে ব্যবহার করেছিল।

আয়োজক কমিটি জানায়, যুক্তরাজ্যের রয়্যাল বিমান বাহিনী ও মার্কিন বিমান বাহিনীর সঙ্গে আলোচনা করেও এ বছর সাধারণ দর্শনার্থীদের জন্য ঘাঁটিটি উন্মুক্ত রাখার নিশ্চয়তা পাওয়া যায়নি। ফলে নিরাপত্তা বিবেচনায় অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখনো অস্থিতিশীল থাকায় বড় ধরনের সামরিক উত্তেজনার আশঙ্কা পুরোপুরি কাটেনি। সেই কারণেই এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন বাতিল করা হয়েছে বলে মনে করছেন তারা।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...