মালয়েশিয়ার কুয়ালালামপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া শাখার একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।
বৃহস্পতিবার (২১ মে) স্থানীয় সময় বিকেল ৬টার দিকে কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন মির্জা আব্বাসের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলটি তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন এবং কিছু সময় তার সঙ্গে আলাপ করেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া শাখার আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ ইমন ও নুরুল আমিন, যুগ্ম সংগঠক মো. নুরুল ইসলাম সুজন এবং যুগ্ম সচিব আরিফুল ইসলাম এবং নির্বাহি সদস্য সাইফুল ইসলাম মাসুম।
মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার অবস্থা পূর্বের তুলনায় অনেকটাই স্থিতিশীল বলে উল্লেখ করেছেন। তবে এখনও তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে পর্যাপ্ত বিশ্রাম এবং পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসা প্রক্রিয়ার প্রতিটি ধাপ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার শারীরিক অগ্রগতিতে চিকিৎসক দল সন্তোষ প্রকাশ করেছে। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তিনি প্রতিদিন কিছু সময় হুইলচেয়ারের মাধ্যমে চলাচলও করছেন।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিনিধিদল মির্জা আব্বাসের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করে, যেন তিনি শীঘ্রই সুস্থ হয়ে পুনরায় দেশ ও জনগণের সেবায় সক্রিয়ভাবে ভূমিকা রাখতে পারেন।
